চার হাজার একরে বোরো আবাদ বন্ধের উপক্রম
ফেনীর পরশুরাম উপজেলায় কহুয়া নদীর পানি এবারও শুকিয়ে যাওয়ায় ১৫টি গ্রামের প্রায় চার হাজার একর জমির বোরো চাষ বন্ধের উপক্রম হয়েছে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, পরশুরাম পৌর এলাকার উত্তর কোলাপাড়া, দক্ষিণ কোলাপাড়া ও বেড়াবাড়ীয়া, বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া, তালবাড়ীয়া, টেটেশ্বর, দক্ষিণ টেটেশ্বর, মুহাম্মদপুর গ্রামসহ সাতটি গ্রাম এবং ফুলগাজী ইউনিয়নের ঘনিয়ামোড়া, জগৎপুরসহ ১৫টি গ্রামের কৃষক কহুয়া নদীর পানি দিয়ে বোরো চাষাবাদ করে থাকে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুহুরী ও কহুয়ার মোহনা থেকে বালু উত্তোলন করায় মুহুরী নদী গভীর হয়ে পড়েছে। এ কারণে কহুয়ায় পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। এ নদীতে পানির প্রবাহের ব্যবস্থা করার জন্য কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনপত্রে বলা হয়েছে, প্রতিবছরের মতো এবারও কহুয়ার পানি শুকিয়ে গেছে। ফলে ইতিমধ্যে ২৫টি সেচপাম্প প্রায় বন্ধ হয়ে গেছে। বক্সমাহমুদ ইউনিয়নের কৃষক মো. হানিফ, তাজুল ইসলাম ও রফিকুল ইসলাম জানান, গত বছর পৌরসভার আর্থিক সহায়তায় এবং এলাকার দুই-তিন শ কৃষক স্বেচ্ছাশ্রমে মোহনায় মুহুরীর অংশে অস্থায়ী বাঁধ দিয়ে জমি চাষাবাদ করেছিল। কিন্তু এবার কোনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি।উপজেলা কৃষি কর্মকর্তা হানিফ ই হায়দার বলেন, ‘ফুলগাজী ইউনিয়নের জগৎপুর গ্রামে একটি রাবার ড্যাম স্থাপন করলে এ এলাকার চার-পাঁচ হাজার একর জমিতে বোরো চাষাবাদের স্থায়ী সমাধান হবে। তবে এখন বাঁধ নির্মাণের জন্য সহায়তা করার মতো তহবিল নেই।’নবনির্বাচিত পৌর মেয়র সাজেল চৌধুরী বলেন, ‘আমি এখনো দায়িত্ব পাইনি। তা ছাড়া খবর নিয়ে জানতে পেরেছি পৌরসভার এখন ৫০ লাখ টাকা দেনা আছে।’পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার বলেন, ‘সমস্যা সমাধানের চেষ্টা করছি। তবে সহায়তা করার জন্য পরিষদের তহবিল নেই।’