শুক্রবার রাতে নাটোর সদর উপজেলার আটঘরিয়া গ্রামে সন্ত্রাসীরা এক চাষির চার হাজার কলাগাছ কেটে ফেলেছে। রাজনৈতিক প্রতিহিংসায় গাছগুলো কাটা হয়েছে বলে ক্ষতিগ্রস্ত চাষি অভিযোগ করেছেন।নাটোর সদর থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতের কোনো এক সময় সন্ত্রাসীরা সদর উপজেলার আটঘরিয়া মাঠের চাষি কাজী হেমায়েত উদ্দিনের কলাবাগানের চার হাজার গাছ কেটে ফেলেছে। শনিবার সকালে ওই চাষি বাগানে গিয়ে দেখতে পান, কলাগাছগুলো যত্রতত্রভাবে পড়ে আছে। কাজী হেমায়েত উদ্দিন বলেন, এ ঘটনায় তাঁর আট লাখ টাকা ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘আমার ছোট ভাই কাজী শাহ আলম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার বড় ভাই হওয়ার অপরাধে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী আমার বাগানের বিভিন্ন ফসল ও ফলদ গাছ কেটে ক্ষতি করছে। পুলিশ তাদের পক্ষ নেওয়ায় আমি মামলা করেও কোনো সুফল পাচ্ছি না। তাই কলাগাছ কাটার অভিযোগে আদালতে মামলা করার কথা ভাবছি।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘কাজী হেমায়েত উদ্দিনের আগের ক্ষয়ক্ষতির খবর জানার পর আইনগত পদক্ষেপ নিয়েছি। কলাগাছ কাটার অভিযোগ পেলে অপরাধিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’