কোনো গাছের ডালে কয়েকটি পাতা। কোনো গাছে ডাল আছে, পাতা নেই। আবার কোনোটির ডালপালা ও পাতা কিছুই নেই। এভাবেই ডালপালা ও পাতাহীন অবস্থায় মৃত্যুর প্রহর গুনছে প্রায় চার হাজার কাঁঠালগাছ।
এ অবস্থা ঠাকুরগাঁওয়ের দুরামারি-রুহিয়া সড়কের সাড়ে চার হাজারের বেশি কাঁঠালগাছের।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘ওই সড়কের ন্যাড়া গাছগুলো দেখে আমার খুব খারাপ লেগেছে। কিন্তু এসব গাছ রক্ষণাবেক্ষণের জন্য পরিষদের কোনো জনবল বরাদ্দ নেই। তবু আমরা গাছগুলো রক্ষায় চেষ্টা করে যাচ্ছি।’
গত বুধবার সরেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁওয়ের দুরামারি-রুহিয়া সড়কের দুপাশে সারি সারি কাঁঠালগাছ। গাছগুলো চেনার উপায় নেই। ডালপালা কেটে ফেলায় বেশ কিছু গাছ ইতিমধ্যে মারাও গেছে। আবার মারা যাওয়া অনেক গাছ গোড়া থেকে কেটে কে বা কারা নিয়ে গেছে।
পুরাতন ঠাকুরগাঁও এলাকায় বাঁশের মাথায় কাস্তে বেঁধে সড়কের পাশের গাছের পাতা কাটতে দেখা যায় এক নারীকে। গাছের পাতা কেন কেটে নিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে ‘ছাগললাক খিলাবার তানে পাতা কাটছু’ বলেই তিনি দ্রুত চলে যান।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ বলেন, ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের কাঁঠালগাছগুলো ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকাকালে এলাকার লোকজন ডালপালা ও পাতা কাটার সাহস পেত না। ওই সময় কাঁঠাল বিক্রি করে দুই থেকে তিন লাখ টাকা রাজস্ব আয় হতো। জেলা পরিষদের উদাসীনতার কারণে মানুষ এখন গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে।
ইউনিয়ন পরিষদ, জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে একটি বেসরকারি সংস্থা ওই সড়কের দুই পাশে প্রায় ১৫ হাজার কাঁঠালগাছের চারা রোপণ করে। পরে সদর উপজেলার আকচা, রাজাগাঁ ও রুহিয়া ইউনিয়ন পরিষদকে গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়। গাছগুলো দেখভালের জন্য ইউপি কার্যালয় থেকে বেশ কয়েকজন লোক নিয়োগ করা হয়। গাছের শুকনো ডালপালা ও ফল বিক্রি করে তাঁদের বেতন-ভাতা পরিশোধ করা হতো। ২০০৩ সালে জেলা পরিষদ ইউপির কাছ থেকে গাছগুলো তাদের নিয়ন্ত্রণে নেয়। এর পর থেকে দেখভাল ও রক্ষণাবেক্ষণের অভাবে এলাকার লোকজন গাছের ডাল ও পাতা কেটে নিলে গাছগুলো মারা যেতে থাকে। যেগুলো বেঁচে আছে সেগুলোও কৌশলে হত্যার পর আত্মসাতের চেষ্টা চলছে।