চার হাজার কেজি জাটকা জব্দ, পেলেন দুস্থরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোয়ারীঘাট এলাকায় অভিযান চালিয়ে চার হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড পাগলা স্টেশন। আজ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আজ দুপুরে কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার সায়ীদ এম কাসেদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোর ছয়টার দিকে তাঁর তত্ত্বাবধানে টিম লিডার পেটি অফিসার এম এ হানিফের নেতৃত্বে একটি দল রাজধানীর সোয়ারীঘাট এলাকায় অভিযান চালিয়ে চার হাজার কেজি জাটকা জব্দ করে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জেবিন বিনতে শেখের উপস্থিতিতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বেলাল হোসেনের কাছে হস্তান্তর করা হয়। আটক জাটকার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। আটক জাটকাগুলো ৪১টি মাদ্রাসা ও এতিমখানা এবং স্থানীয় গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয় বলে জানান তিনি।