সরকারি বিভিন্ন দপ্তরের ওপর সর্বশেষ ২১টি নিরীক্ষা প্রতিবেদন
চার হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের সর্বশেষ ২১টি নিরীক্ষা প্রতিবেদনে তিন হাজার ৯২০ কোটি টাকা ও ২২ লাখ মার্কিন ডলারের আর্থিক অনিয়ম উদ্ঘাটিত হয়েছে। নিরীক্ষায় উদ্ঘাটিত এসব অর্থ আদায় ও সমন্বয়যোগ্য।সিএজি দপ্তর সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বৃহৎ করদাতা ইউনিটে (ভ্যাট) ১৭টি খাতে এক হাজার ২৬৫ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে। ২০০৭-০৮ অর্থবছরের আয়-ব্যয় নিরীক্ষা করে এসব আর্থিক অনিয়ম ধরা পড়ে। একই অর্থবছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায় থাকা ১৪টি প্রতিষ্ঠানে ৭৫৬ কোটি ৮৫ লাখ টাকার ও পানিসম্পদ মন্ত্রণালয়ে ১৮টি খাতে ৬০৬ কোটি ৫৯ লাখ টাকার অনিয়ম উদ্ঘাটিত হয়।নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নয়টি বাণিজ্যিক ব্যাংকের ১৬টি শাখায় রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিপরীতে রপ্তানি-ভর্তুকি বা নগদ সহায়তা দেওয়ার ক্ষেত্রে ৫৭ কোটি ২৩ লাখ টাকা ও ২২ লাখ মার্কিন ডলারের আর্থিক অনিয়ম হয়েছে। মূল্য সংযোজন কর কার্যালয়ে সংঘটিত অনিয়মে জড়িত টাকার পরিমাণ ১৬০ কোটি ২৯ লাখ টাকা। শুল্ক বন্ড কমিশনারের কার্যালয়ে অনিয়ম হয়েছে ৭১ কোটি ২১ লাখ টাকার। একই বিভাগের ঢাকা কার্যালয়ে আগের বছর অনিয়ম হয়েছে চার কোটি ৭৯ লাখ টাকার। শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে সংঘটিত অনিয়মে জড়িত টাকার পরিমাণ ৬৩ কোটি ১৪ লাখ টাকা।গণপূর্ত কাঠের কারখানা বিভাগের শেরেবাংলা নগর কার্যালয়ে ৩৮ কোটি ২৪ লাখ টাকা, সড়ক ও জনপথ অধিদপ্তরের ১২টি প্রকৌশল কার্যালয়ে যানবাহন রক্ষণাবেক্ষণ ও জ্বালানি তেলের ব্যবহারের ক্ষেত্রে ৩৭ কোটি টাকা এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে মধ্যমেয়াদি বাজেট কাঠামো পদ্ধতির ওপর পরিচালিত নিরীক্ষায় ২০ কোটি ১২ লাখ টাকার অনিয়ম ধরা পড়ে।এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, নৌপরিবহন, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সাতটি প্রতিষ্ঠানে ২০০৭-০৮ অর্থবছরের হিসাব নিরীক্ষা করে ৭৬ কোটি ৪০ লাখ টাকা, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা, যোগাযোগ মন্ত্রণালয়ে ৮৯ কোটি ৮৯ লাখ টাকা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং শিল্প মন্ত্রণালয়ের ২৫টি প্রতিষ্ঠানে ৮৬ কোটি ৫৪ লাখ টাকা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১১টি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ২৩ কোটি ৬৪ লাখ টাকা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ৭৪ কোটি ৫৮ লাখ, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ৫২ কোটি ৬৭ লাখ টাকার অনিয়ম পাওয়া গেছে। মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, এটাই সরকারি খাতে আর্থিক অনিয়মের পূর্ণ চিত্র নয়, একে বলা যেতে পারে সমুদ্রে নিমজ্জিত একটি হিমশৈলের চূড়া মাত্র।