চার হাজার গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
নড়াইলে বন বিভাগের রোপণ করা চার হাজার বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার রতডাঙ্গা গ্রামের বারোয়ারিখোলা থেকে মধ্যপাড়া বটতলা পর্যন্ত এক কিলোমিটার গ্রামীণ সড়কে এই গাছগুলো লাগানো ছিল। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার দুপুরে সদর থানা চত্বরে এলাকার সুফলভোগীরা মানববন্ধন করে। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। নড়াইল বন বিভাগ সূত্রে জানা গেছে, ওই রাস্তার দুই পাশে এক কিলোমিটারজুড়ে বিভিন্ন প্রজাতির চার হাজার বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা গত বছর রোপণ করা হয়। রোপণ করা গাছ কমপক্ষে ১০ বছর পর বিক্রি করে এর লভ্যাংশ স্থানীয় অসহায় ও দুস্থদের নিয়ে গঠিত সুফলভোগীদের মধ্যে বণ্টনের চুক্তি করা হয়। গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সুফলভোগীদের ওপর। এলাকার সুফলভোগী রতডাঙ্গা গ্রামের সালাম শেখ অভিযোগ করেন, একই গ্রামের রাজা শেখ গাছ লাগানোর অগ্রিম লাভ থেকে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়ে হুমকি দেন। টাকা না দেওয়ায় তিন দিনের মাথায় রাতে চারা গাছগুলো কেটে ফেলা হয়। চণ্ডীবরপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ হেসেন বলেন, গাছ কাটার কথা শোনা গেছে। কে বা কারা কেটেছে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে সুফলভোগীরা রাজা শেখের নাম বলেছে। রাজা শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। তিনি বলেন, ‘আমি গরিব মানুষ। আমার নাম কেন বলা হচ্ছে জানি না।’নড়াইল বন বিভাগের ফরেস্টার ফারুক আহম্মেদ জানান, দুর্বৃত্তরা রাতের আঁধারে তাঁদের অর্থায়নে রোপণ করা চার হাজার গাছের চারার সবই কেটে ফেলেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।