চার হাজার গাভির চিকিৎসক একজন বাবুর্চি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পশ্চিম পটিয়ার আটটি ইউনিয়নে ৪০০ খামার নিয়ে চট্টগ্রাম অঞ্চলের বৃহৎ দুধ উৎপাদনকারী অঞ্চল। এসব খামারের প্রায় চার হাজার গরুর চিকিৎসা দিচ্ছেন একজন বাবুর্চি। তাঁর নাম আনোয়ার হোসেন। তিন মাস ধরে একটি মোটরসাইকেল নিয়ে তিনিই বিভিন্ন খামারে গিয়ে চিকিৎসা দেন আর ফি নেন।পশ্চিম পটিয়া ডেইরি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ হারুন প্রথম আলোকে বলেন, ‘তিন মাস ধরে এ এলাকায় কোনো পশু চিকিৎসক নেই। তাই আমরা খুবই বিপদে আছি। প্রতিদিন কোনো না কোনো খামারে গাভির নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এসবের চিকিৎসা দিচ্ছেন কমিউনিটি বেইজড ডেইরি ভেটেরিনারি ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের বাবুর্চি আনোয়ার হোসেন। ফিও নিচ্ছেন চিকিৎসক হিসেবে। এতে গাভি পালন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।’ তিনি বলেন, বর্তমানে দুগ্ধবতী প্রতিটি গাভির দাম দেড় লাখ টাকার বেশি।আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘জরুরি চিকিৎসা দেওয়ার জন্য আমি বিভিন্ন খামারে যাই। ১৯৯৯ সাল থেকে আমি এ এলাকায় আছি। আমার কিছু অভিজ্ঞতাও হয়েছে।’ ময়মনসিংহের একটি বিদ্যালয় থেকে ১৯৯৬ সালে এসএসসি পাস করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘বাবুর্চি হলেও আমার পদবি কিন্তু চিকিৎসকের সহকারী।’ তিন মাস ধরে খামারে কোনো চিকিৎসক না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘পশ্চিম পটিয়া ছাড়াও সিরাজগঞ্জ এবং সাতক্ষীরায় আমাদের প্রকল্প আছে। চিকিৎসকেরা সেখানে আছেন। তাঁরা মোবাইলে আমার সঙ্গে যোগাযোগ রাখেন।’ খোঁজ নিয়ে জানা যায়, ২০০২ সালে পশ্চিম পটিয়ায় যুক্তরাষ্ট্রের অর্থায়নে ‘ফিল্ড ফার্টিলিটি ক্লিনিক’ নামের একটি প্রতিষ্ঠান কাজ শুরু করে। গত এক দশকে এ এলাকায় দ্রুত দুধের খামার বিস্তার লাভ করে। আটটি ইউনিয়নে গড়ে ওঠে ৪০০ বড় খামার। এর বাইরেও প্রতি বাড়িতে ফ্রিজিয়ান জাতের গাভি পালন শুরু হয়। বর্তমানে চট্টগ্রামে বেশির ভাগ দুধের সরবরাহ আসে পশ্চিম পটিয়া থেকে। এর পরিমাণ প্রায় ৫০ হাজার লিটার বলে জানা গেছে। পশ্চিম পটিয়ার শিকলবাহার দুটি খামারের মালিক ইলিয়াস পারভেজ প্রথম আলোকে বলেন, ‘আনোয়ার হোসেন একজন অজ্ঞ লোক। তাঁকে দিয়ে গাভির চিকিৎসা করাই কী করে। কোনো সমস্যা দেখা দিলে চট্টগ্রাম শহর কিংবা পটিয়া থেকে চিকিৎসক এনে গাভির চিকিৎসা করি। আমি কোনো ঝুঁকি নিতে চাই না।’কমিউনিটি বেইজড ডেইরি ভেটেরিনারি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে প্রকল্প এলাকায় কোনো চিকিৎসক না থাকলেও আমি ময়মনসিংহে বসেই সবকিছু সমন্বয় করি। আর আমরা চট্টগ্রামের জন্য একজন চিকিৎসক নিচ্ছি।’ বর্তমানে চিকিৎসা দেওয়া আনোয়ার হোসেন সম্পর্কে তিনি বলেন, আনোয়ারকে পশু চিকিৎসার ব্যাপারে কিছু প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তা ছাড়া তাঁকে বাবুর্চি বলা হলেও তিনি সব সময় এ কাজ করতেন না। কাজের লোক পাওয়া না গেলে ভাত-তরকারি রান্না করতেন।