চার হাজার ভবনের ৬০টি পুরোপুরি অনুমোদনহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবন নির্মাণের সময় তদারক না করে অপরাধ করে রাজউক এবং নকশা ভঙ্গ করে নির্মাতাপ্রতিষ্ঠান। আর ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।
অনুমোদনের শর্ত ভাঙা বা নকশার বাইরে ভবনে বাড়তি অংশ জুড়ে দেওয়ার কারণে রাজধানীর চার হাজার ৯৭টি ভবনকে ‘অবৈধ’ বলা হয়েছে। কিন্তু এসব ভবন নির্মাণকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাধা দেয়নি। রাজউক ও সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র এবং ফ্ল্যাট গ্রাহকদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়।
রাজউক সূত্র জানায়, গত রোববার জাতীয় সংসদে যে চার হাজার ৯৭টি ভবনের তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে ৬০টি একেবারেই অনুমোদনহীন। এগুলোর বেশির ভাগই বহুল আলোচিত একটি আবাসিক প্রকল্প এলাকায়। ৬০টির বাইরে অন্য ভবনগুলোর ত্রুটি হলো নকশার বাইরে কিছু বাড়তি তলা নির্মাণ, কিছু বর্গফুট বাড়ানো, ঝুলন্ত বারান্দা জুড়ে দেওয়া।
রাজউকের অভিযোগ, নকশা অনুমোদনের পর অনেক নির্মাতাপ্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী নির্মাণ শুরুর সময় নির্ধারিত ফরমের মাধ্যমে রাজউককে অবহিত করে না। নির্মাণ শেষ হওয়ার পরও রাজউককে কিছু না জানিয়ে ফ্ল্যাট বিক্রি করে দেয়।
নির্মাতাপ্রতিষ্ঠান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের সাবেক সভাপতি আবদুল আওয়াল প্রথম আলোকে বলেন, ঢাকা শহরে কোন ভবন রয়েছে, যেটি শতভাগ নিখুঁত? রাজউকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অনেক নির্মাতাপ্রতিষ্ঠান রয়েছে, যারা নিয়ম অনুযায়ী ভবন নির্মাণের আগে নির্ধারিত ফরম পূরণ করে রাজউককে অবহিত করে। অথচ নির্মাণস্থলে পরিদর্শক এসে কী পেলেন, না পেলেন, তার কিছুই জানা যায় না। তাৎক্ষণিক ব্যবস্থার পরিবর্তে নির্মাণকাজ শেষে ফ্ল্যাটগুলো যখন ক্রেতাদের হাতে চলে যায়, তখন রাজউক নোটিশ পাঠায়। আইন ভঙ্গ করলে রাজউক খুশি হয়, নাকি হয় না, তা অনেক নির্মাতাপ্রতিষ্ঠান বুঝতে পারে না।
সূচনা ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আকিল আখতার চৌধুরী বলেন, অনুমোদনহীন ভবন নির্মাণ অবশ্যই অপরাধ। কিন্তু অনেক নির্মাতা-প্রতিষ্ঠান নকশা ভঙ্গ করে ভবন নির্মাণ করে রাজউকেরই প্রশ্রয়ে। রাজউক যথাসময়ে তদারক করলে নকশার ব্যত্যয় ঘটানো সম্ভব নয়। তিনি স্বীকার করেন, ঢালাওভাবে অবৈধ ভবনের তালিকা করে ভাঙার উদ্যোগ নিলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন গ্রাহকেরা।
গ্রাহকদের উদ্বেগ: গতকাল সোমবার অবৈধ ভবনের তালিকা প্রকাশের পর অনেক গ্রাহক প্রথম আলোর সঙ্গে যোগাযোগ করে তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। মিরপুরে তালিকাভুক্ত একটি ভবনের ফ্ল্যাট মালিক বলেন, তিনি ৫০ লাখ টাকায় ফ্ল্যাট কিনেছেন, এর বেশির ভাগ টাকাই ব্যাংক থেকে ঋণ নেওয়া। ভবন ভাঙা হলে তিনি পথে বসে যাবেন।
উত্তরার একজন নারী ফ্ল্যাট মালিক জানান, সরকারি চাকরি থেকে দুই বছর আগে অবসরপ্রাপ্ত স্বামীর এককালীন টাকা, নিজের জমানো টাকা এবং ধার-দেনা করে ছোট একটি ফ্ল্যাট কিনেছেন। মোহাম্মদপুরের একজন ফ্ল্যাট মালিক জানান, গ্রামের পৈতৃক জমি বেচে ঢাকায় ফ্ল্যাট কিনেছেন। গতকাল তালিকা প্রকাশের পর তিনি নির্মাতাপ্রতিষ্ঠানের সঙ্গে দেখা করলে রাজউকের কাছে যেতে বলা হয়।
রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান এ বিষয়ে বলেন, ‘আমরা সব সময় গ্রাহকদের বলি ফ্ল্যাট কেনার আগে অনুমোদিত নকশা দেখে নিতে। যাতে নকশার ব্যত্যয় ঘটলে তিনি বুঝতে পারেন।’ তিনি বলেন, বেশির ভাগ নির্মাতাপ্রতিষ্ঠান ভবন নির্মাণের শেষ সময়ে নকশার ব্যত্যয় ঘটান, যার জন্য রাজউক যথাসময়ে তদারক করতে পারে না। তবে অতীতে লোকবলের অভাবে এবং পরিদর্শকদের কিছুটা গাফিলতির কারণেও নির্মাতারা নকশার ব্যত্যয় ঘটাতে সাহস পেয়েছেন।
শেখ মান্নান বলেন, সব ভবন ভাঙা হবে, এমন না-ও হতে পারে। বিধিমালায় পড়লে জরিমানা সাপেক্ষে কিছু ভবনের সংশোধিত নকশা হতে পারে।
২০০৮ সালে রাজউক প্রায় পাঁচ হাজার অনুমোদনহীন, নকশার ব্যত্যয় ঘটানো এবং ঝুঁকিপূর্ণ ৩০০ ভবনের তালিকা করেছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পর্যায়ক্রমে কিছু ভবনের বিরুদ্ধে অভিযানও হয়। তবে একেবারেই অনুমোদনহীন প্রভাবশালী মালিকদের ভবনে হাত দেওয়া হয়নি।
শেলেটকের প্রতিবাদ: গতকাল প্রকাশিত তালিকার সূত্র ধরে শেলেটকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ এক প্রতিবাদপত্রে বলেছেন, শেলেটক কোনো প্রকার অবৈধ প্রকল্প নির্মাণ ও বাস্তবায়ন করেনি।
সংশোধনী: গতকাল প্রথম আলোর শেষের পাতায় প্রকাশিত প্রতিবেদনে ‘অনুমোদনহীন অবৈধ ভবনের সংখ্যা চার হাজার ৯৭’ ছাপা হয়েছে। কিন্তু সংসদে পেশ করা প্রশ্ন-উত্তরে উল্লেখ আছে, ‘অনুমোদনের শর্তাবলী ভঙ্গ করে অনুমোদিত নকশার বিধি-বহির্ভূত পরিবর্তন সাধনের মাধ্যমে অবৈধভাবে নির্মাণাধীন ইমারতের হালনাগাদ তালিকা।’ অসাবধানতাবশত এই ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
—বার্তা সম্পাদক