চার হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিল ডাচ-বাংলা ব্যাংক

এ বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত চার হাজার ৩২ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ডাচ-বাংলা ব্যাংক। আজ শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তিপত্র তুলে দেওয়া হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে বৃত্তিপত্র তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সায়েম আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা করেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় আলোকিত হয়ে দেশ গঠনে নিজেদের উৎসর্গ করবে। তিনি বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের এই বৃত্তি প্রকল্প দেশের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের কল্যাণে আর্থিক খাতের অনন্য দৃষ্টান্ত। দেশের অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানগুলো সমাজের কল্যাণে এ ধরনের কর্মসূচি গ্রহণ করবেন বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
ডাচ্-বাংলা ব্যাংক জানায়, সামাজিক কল্যাণ কর্মসূচির অংশ হিসেবে ডাচ্-বাংলা ব্যাংক উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে। এখন পর্যন্ত এই বৃত্তি প্রকল্পের আওতায় ৪৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থী বৃত্তির সুযোগ পেয়েছেন।