কুমিল্লা সরকারি কলেজে একজন শিক্ষক দিয়েই চলছে ইংরেজি বিভাগের প্রায় চার হাজার শিক্ষার্থীর পাঠদান। নামকাওয়াস্তে পাঠদান করায় ইংরেজি শিক্ষায় পিছিয়ে পড়ছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় অবিলম্বে শূন্য পদ পূরণসহ নতুন করে শিক্ষকের পদ সৃষ্টির দাবি করেছেন শিক্ষার্থীরা।
ইংরেজি বিভাগের একমাত্র প্রভাষক গোলাম মোস্তফা বলেন, ‘আমি খুব কষ্টে আছি। কোনো রকমে টেনেটুনে ক্লাস চালিয়ে যাচ্ছি। একা মানুষ, সব ক্লাস সব সময় নেওয়া হয় না। বিভাগে শিক্ষক থাকার কথা সাতজন। কিন্তু সৃষ্ট পদ আছে তিনটি। এর মধ্যে দুটি খালি। এতে করে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’
অধ্যক্ষ জিয়াউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে একজন শিক্ষক দিয়েই ইংরেজি বিভাগে পাঠদান চলছে। খণ্ডকালীন দুজন শিক্ষক এনে কোনো রকমে ক্লাস নেওয়া হয়। দ্রুত শূন্য পদ পূরণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
কলেজ সূত্র জানায়, কুমিল্লা সরকারি কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক ও ইংরেজি (সম্মান) শ্রেণীতে তিন হাজার ৭৯৯ জন শিক্ষার্থী রয়েছেন। তাঁদের পাঠদানের জন্য বর্তমানে একজন প্রভাষক আছেন। এ বিভাগে শিক্ষকের সৃষ্ট পদ তিনটি। এর মধ্যে সহকারী অধ্যাপকের একটি এবং প্রভাষকের দুটি পদ রয়েছে। গত ২৭ আগস্ট সহকারী অধ্যাপক নাসরিন বেগম এখান থেকে বদলি হয়ে নরসিংদী সরকারি কলেজে চলে যান। প্রভাষকের মধ্যে মোহাম্মদ মহসিন ১৪ মে পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হয়ে অন্য কলেজে বদলি হন। এ অবস্থায় একমাত্র প্রভাষক গোলাম মোস্তফা এখন পুরো ইংরেজি বিভাগ চালাচ্ছেন।
বর্তমানে কলেজে একাদশ শ্রেণীতে ৯০০, দ্বাদশ শ্রেণীতে ৯০০, স্নাতকে এক হাজার ৭৫০, ইংরেজি (সম্মান) প্রথম বর্ষে ৫৬, দ্বিতীয় বর্ষে ১০০, তৃতীয় বর্ষে ৫৫ ও চতুর্থ বর্ষে ৩৮ জন শিক্ষার্থী আছেন। এতে করে একমাত্র প্রভাষককে প্রতিদিন গড়ে চার-পাঁচটি ক্লাস নিতে হয়। তার ওপর বিভাগের দাপ্তরিক কাজ থাকলে তখন আর ক্লাসই হয় না। এ অবস্থায় দুজন খণ্ডকালীন শিক্ষক এনে কোনো রকমে ক্লাস চালানো হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইংরেজি বিভাগের একাধিক শিক্ষার্থী জানান, এ কলেজে নামমাত্রই ইংরেজিতে অনার্স কোর্স রয়েছে। শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস হয় না। তাই আসনও পূরণ হয় না। তাঁরা অবিলম্বে শিক্ষক নিয়োগ করে সঠিকভাবে পাঠদান করার দাবি জানান।