সুনামগঞ্জ সরকারি কলেজে শিক্ষার্থী প্রায় চার হাজার, কিন্তু শিক্ষক আছেন মাত্র ২৪ জন। নেই প্রয়োজনীয় শ্রেণীকক্ষ। অনার্সের (সম্মান) বিষয় আছে চারটি, কিন্তু ভবন নেই। কর্মচারীদের অর্ধেক পদই শূন্য। কোটি টাকা ব্যয়ে নির্মিত ছাত্রীনিবাসটি চালু হয়নি সাত বছরেও। ফলে শিক্ষক-সংকটসহ নানা সমস্যায় জর্জরিত জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠটি চালাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।কলেজ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সরকারি কলেজে চারটি বিষয়ের অনার্স কোর্স, একাদশ, দ্বাদশ ও স্নাতক শ্রেণী মিলিয়ে শিক্ষার্থী আছেন প্রায় চার হাজার। কলেজে শিক্ষকের পদ আছে ৬১টি। ৩৭ জনের পদই শূন্য। ইংরেজি বিষয়ে শিক্ষক আছেন মাত্র একজন। তিনিও সপ্তাহ খানেক আগে যোগ দিয়েছেন। এর আগে প্রায় এক মাস কলেজে কোনো ইংরেজির শিক্ষক ছিলেন না। প্রতিটি বিভাগে কমপক্ষে চারজন করে শিক্ষক থাকার কথা থাকলেও উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা ও দর্শন বিভাগে আছেন একজন করে। বাংলা, হিসাববিজ্ঞান ও ইতিহাস বিভাগে আছেন দুজন করে। এই শিক্ষকেরাই সম্মানসহ সব শ্রেণীতে পাঠদান করেন। অধ্যক্ষের পদটিও শূন্য। এ ছাড়া সহযোগী অধ্যাপকের দুটি, সহকারী অধ্যাপকের ছয়টি, প্রভাষক ১৪টি ও পরিদর্শকের চারটি পদ শূন্য রয়েছে। কর্মচারীদের ১৭টি পদের মধ্যে অর্ধেকই শূন্য। কলেজে লাইব্রেরিয়ান ও সহলাইব্রেরিয়ান নেই। অবসরপ্রাপ্ত সহকারী লাইব্রেরিয়ানকে দিয়ে কাজ চালানো হচ্ছে।শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলার একমাত্র অনার্স কলেজ এটি। যাঁরা জেলার বাইরে গিয়ে পড়তে পারেন না, তাঁদের কাছে এ প্রতিষ্ঠানই একমাত্র ভরসা। কিন্তু শিক্ষক-সংকটের কারণে বর্তমানে পাঠদান ব্যাহত হচ্ছে। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী দ্বিজেন সরকার ও আবু সালেহ বলেন, ‘শিক্ষকের অভাবে নিয়মিত ক্লাস হয় না। কোনো কোনো দিন একটা, কোনো দিন দুটো করে ক্লাস হয়। কোনো দিন শুধু আসা-যাওয়া করি। এতে করে পরীক্ষায় ভালো ফল করা কঠিন।’ একাদশ শ্রেণীর শিক্ষার্থী নুশরাত জাহান, সামিউল আজিম ও মুমেন আহমদ বলেন, ‘গত ছয় মাসে হিসাব করলে দেখা যাবে, সব মিলিয়ে ১০ দিন ইংরেজির ক্লাস হয়েছে। শুধু ইংরেজি নয়, সব কটি বিভাগেই একই অবস্থা।’ এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কলেজের বর্তমানে যে অবস্থা, এটাকে শিক্ষকবিহীন কলেজ বলতে পারেন।’অনার্সের বিষয় বাড়ানোর দাবি: কলেজে চারটি বিষয় নিয়ে অনার্স কোর্স চালু হয় ২০০১ সালে। বর্তমানে এই চার বিষয়ে শিক্ষার্থী আছেন পাঁচ শতাধিক। শুরু থেকেই একটি ভবনের চারটি কক্ষ নিয়ে পাঠদান চলছে। চারটি বিষয়ে নিয়মিত পাঠদানের জন্য প্রয়োজনীয় শিক্ষক নেই। প্রতিটি বিভাগে সাতজন করে শিক্ষক থাকার কথা। এর মধ্যে দর্শন বিভাগে একজন; বাংলা, হিসাববিজ্ঞান ও ইতিহাস বিভাগে আছেন দুজন করে। এই শিক্ষকেরাই আবার এসব বিষয়ে একাদশ, দ্বাদশ ও স্নাতক শ্রেণীর ক্লাস নেন। বাংলা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাবাসসুম সুলতানা নির্ঝর ও সালমা আক্তার বলেন, ‘শিক্ষক নেই, ক্লাসরুম নেই। এভাবেই আমাদের পড়ালেখা চলছে। শিক্ষক থাকলে তো গাছতলায়ও ক্লাস করা যেত।’কলেজের সমস্যা নিয়ে আট দফা দাবিতে আন্দোলন করছে ছাত্র ইউনিয়ন। সংগঠনের কলেজ শাখার সভাপতি শাহজালাল সুমন জানান, জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ এটি। এখানে অনার্সের বিষয় বাড়ানোসহ মাস্টার্স কোর্স চালু করা দরকার। তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করছি। শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো সাড়া পাচ্ছি না।’ চালু হয়নি ছাত্রীনিবাস: কলেজে একটি ছাত্রীনিবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০০৩ সালে। তিনতলা ভবনের নির্মাণকাজ শেষ। কিন্তু গত সাত বছরেও এটি আর চালু হয়নি। এখনো গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়া হয়নি।সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী শামসুল হক বলেন, কাজ প্রায় শেষ। সামান্য মেরামত বাকি আছে। এই কাজ শেষ হলে ভবনটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া কলেজের ছাত্রদের দুটি ছাত্রাবাসও বর্তমানে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।অধ্যক্ষ যা বলেন: সুনামগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কলেজে সমস্যার শেষ নেই। কিন্তু শিক্ষক-সংকট এখন প্রকট। নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। দিন দিন শিক্ষার্থী বাড়ছে, কিন্তু সে তুলনায় শ্রেণীকক্ষ নেই। ছাত্রীনিবাসটি আমরা বুঝে নিতে চাই। কিন্তু আজ নয় কাল বলে সময়ক্ষেপণ করা হচ্ছে। আরেকটি নতুন ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা রয়েছে।’