চার হাজারে আটক, সাত হাজারে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা থানার উপপরিদর্শক (এসআই) মহসীন আলী সৎভাই ইব্রাহীম মণ্ডলকে মারধরের অভিযোগে আজমত আলী মণ্ডল নামে এক ব্যক্তিকে আটকের দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছেন। অভিযোগ উঠেছে, ভুক্তভোগী পরিবারের কাছ থেকে চার হাজার টাকা নিয়ে অভিযুক্তকে আটক ও অভিযুক্ত পরিবারের কাছ থেকে সাত হাজার টাকা পেয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
মহসীন আলীর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর তাঁকে কুষ্টিয়ার দৌলতপুর থানা থেকে খোকসায় বদলি করা হয়।
ইব্রাহীম মণ্ডলের বাড়ি খোকসা উপজেলার বরইচারা ডাঙ্গীপাড়া গ্রামে। তিনি খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ইব্রাহীম মণ্ডলের ছেলে সোহাগ মণ্ডলের ভাষ্যমতে, জমি নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার দুপুরে আজমত ও তাঁর ছেলে হামলা চালিয়ে ইব্রাহীম মণ্ডলকে আহত করেন। সন্ধ্যায় থানায় অভিযোগ করা হলে শনিবার দুপুরে পুলিশ আজমতকে আটক করে। দুই ঘণ্টা পর ছাড়া পেয়ে বিকেল পাঁচটার দিকে ইব্রাহীম মণ্ডলের বাড়িঘর ভাঙচুর করেন আজমত মণ্ডল।
মহসীন আলীর মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান দাবি করেন, অভিযোগটি সঠিক নয়। উভয়পক্ষ বিষয়টি মীমাংসা করে নেবে এমন আশ্বাসে আজমত আলীকে ছেড়ে দেওয়া হয়েছে। ছাড়া পেয়ে বাড়িঘর ভাঙচুর করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।