প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার চার হাজারেরও বেশি উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়েছে। গত ১৯ থেকে ২৬ জুলাই পর্যন্ত সরকারি মুঠোফোন প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন চাওয়া হয়। ১৮ জুলাই ফলাফল প্রকাশিত হয়। বোর্ড সূত্রে জানা যায়, পরীক্ষায় ফলাফল আশানুরূপ না হওয়ায় চার হাজার ৪১০ জন পরীক্ষার্থী টেলিটকের মাধ্যমে উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেন। এঁদের মধ্যে একেকজন একাধিক বিষয়ের জন্য পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পিযূষ দত্ত প্রথম আলোকে বলেন, এবার মোট ১৬ হাজার ৮১৪টি উত্তরপত্র পুনঃনিরীক্ষা করা হবে। ১৪ আগস্ট পুনঃনিরীক্ষণের ফলাফল ঘোষণা করা হবে।