চার হাত বদল হয় চামড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানির পশুর চামড়া পাইকারি বিক্রির জন্য ভ্যানে করে নিয়ে যাচ্ছেন এক খুচরা চামড়া ব্যবসায়ী। ছবিটি আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
কোরবানির পশুর চামড়া পাইকারি বিক্রির জন্য ভ্যানে করে নিয়ে যাচ্ছেন এক খুচরা চামড়া ব্যবসায়ী। ছবিটি আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কেনেন ফড়িয়া ব্যবসায়ীরা। আর ফড়িয়া ব্যবসায়ীদের কাছ থেকে কেনেন আড়তদারেরা। এরপরই আড়তদারেরা চামড়া বিক্রি করেন ট্যানারিতে। চামড়াজাত পণ্য প্রস্তুত হয়ে ক্রেতার কাছে পৌঁছানোর আগে চামড়া এভাবে চার হাত বদল হয়। পশুর চামড়ার বড় সংগ্রহ আসে কোরবানির ঈদের সময়। তবে যাঁরা পশু কোরবানি দেন, সেই সাধারণ মানুষকে নামমাত্র মূল্যে চামড়া তুলে দিতে হয় মৌসুমি ব্যবসায়ীদের হাতে। 

মিরপুরের বাসিন্দা আপেল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘এ বছর চামড়া পানির চেয়েও কম দামে বিক্রি হয়েছে। এক লাখ টাকা দামের গরু কোরবানি দিয়েছি। আর স্থানীয় প্রভাবশালীরা চামড়া নিয়ে গেছে। যাওয়ার সময় এক হাজার টাকা দিয়ে গেছে।
বনশ্রী এলাকার বাসিন্দা এনামুল হকের ভাষ্য, ‘পাড়ার কিছু ইয়ং ছেলে এসে চামড়া নিয়ে গেছে। যাওয়ার সময় বলে গেছে, চামড়া বিক্রির পর সন্ধ্যায় এসে টাকা দিয়ে যাবে।’
মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ করার জন্য আজ রাজধানীর গ্রীনরোডের শেষ মাথা থেকে ল্যাবএইড হাসপাতালের সামনে পর্যন্ত বসেছেন ফড়িয়া ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্ন এলাকার মৌসুমি ব্যবসায়ী এসে এই ফড়িয়াদের কাছে বিক্রি করছেন চামড়া। এমন একজন ফড়িয়া ব্যবসায়ী হলেন আবদুল্লাহ। তিনি প্রথম আলোকে বললেন, ‘মৌসুমি ব্যবসায়ীর কাছ থেইকা চামড়া কিনতাছি। এই চামড়া পোস্তার আড়তে বিক্রি করমু। এরপর আড়তদারেরা লবণ মাখাইয়া ট্যানারিতে দিব।’
সেখানে দেখা মিলল আরেকজন ফড়িয়া ব্যবসায়ীর। তিনি বলেন, ‘চামড়া কিন্যা আড়তে দিমু। যদি কিছু লাভ হয় মন্দ কী?’ আগে কখনো এই ব্যবসা করেছেন? জানতে চাইলে জবাব দিলেন, ‘না’। বললেন, ‘এক বড় ভাইয়ের আড়ত আছে, সেইখানে সব চামড়া দিমু।’
পুরান ঢাকার পোস্তা এলাকার হাজি আরিফ নামের একজন আড়তদার বলেন, সবার কাছ থেকেই চামড়া কেনা হচ্ছে। কে ফড়িয়া, সেটা জানার সময় নেই।
লেথারেক্স ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, ‘চামড়া এত হাত বদল হওয়ার কোনো প্রয়োজন নেই। মৌসুমি ও ফড়িয়া ব্যবসায়ীরা অনেক সময় না বুঝে কিংবা জোর করে সাধারণ মানুষের কাছ থেকে চামড়া কেনেন। পরবর্তীতে এর চাপ পড়ে ট্যানারিগুলোতে।’ তাঁর মতে, কোরবানির চামড়া সংগ্রহের বিষয়ে সরকারের নজরদারি করা উচিত। তাহলে সাধারণ মানুষ কম দামে চামড়া বিক্রি করে ঠকবে না।
জানা গেছে, দেশে বছরে মোট যে পরিমাণ চামড়া সংগৃহীত হয় তার ৫০ থেকে ৫৫ শতাংশ আসে কোরবানির ঈদের সময়।
৯ সেপ্টেম্বর ট্যানারি মালিকদের দুই সমিতি ও চামড়া ব্যবসায়ী সমিতি সংবাদ সম্মেলন করে চামড়ার দাম নির্ধারণ করে। ২০১৩ সালে ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত চামড়ার দাম ধরা হয়েছিল ৮৫ থেকে ৯০ টাকা। এ বছর প্রতি বর্গফুট ৫০ টাকা।
ব্যবসায়ীদের দাবি, গত এক বছরে আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম প্রায় ৩৫ শতাংশ কমেছে। কিন্তু দেশে এবার দাম কমিয়ে ধরা হয়েছে মাত্র ১০ শতাংশ। গত বছর ঈদুল আজহায় ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ধরা হয়েছিল ৫০-৫৫ টাকা। ২০১৪ সালে তা ছিল ৭০-৭৫ টাকা। আর ২০১৩ সালে ছিল ৮৫-৯০ টাকা।
বাংলাদেশে প্রতিবছর চামড়ার দর কমিয়ে ধরা হচ্ছে কেন? জানতে চাইলে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের মহাসচিব টিপু সুলতান প্রথম আলোকে বলেন, বাংলাদেশে চামড়ার দাম কমছে নানা কারণে। এ দেশে ট্যানারিশিল্প পরিবেশসম্মত নয় বলে ভালো ক্রেতারা আসছেন না। এ ছাড়া ইতালি, চীনসহ বাংলাদেশের চামড়ার বড় বাজারগুলোতে এখন মন্দাভাব চলছে।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারে দরপতন, বড় বাজারে বাংলাদেশি চামড়ার মন্দাভাব, ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন কিন্তু টাকার দাম বৃদ্ধি, চামড়ার পুরোনো মজুত রয়ে যাওয়া—এসব কারণে এ বছর চামড়ার দর কমিয়ে ধরা হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় ২ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। এ সময় আয় হয়েছে ১ হাজার ১৬১ কোটি ডলার।