মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (শনাক্তকরণ রাসায়নিক পদার্থ) ব্যবহার করায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতাল ও তিনটি রোগনির্ণয় কেন্দ্রকে মোট ২২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে দুটি ওষুধের দোকান ও একজন বিক্রয় প্রতিনিধিকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গতকাল রোববার দিনভর এসব অভিযান চালান। এ সময় জেলা সিভিল সার্জন কার্যালয় ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যা ব সূত্র জানায়, গতকালের অভিযানে নগরের মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালকে ছয় লাখ টাকা, একই এলাকার ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডকে পাঁচ লাখ টাকা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডকে ছয় লাখ টাকা ও এপিক হেলথ কেয়ার লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে একই এলাকার জনতা ফার্মেসিকে ২৫ হাজার টাকা, ডায়মন্ড ফার্মেসিকে ৫০ হাজার টাকা এবং এক ওষুধ বিক্রয় প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করায় চারটি প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড ছাড়া অন্য তিনটি প্রতিষ্ঠান রি-এজেন্টগুলো যে তাপমাত্রায় সংরক্ষণ করার কথা, সে তাপমাত্রায় রাখেনি।