চার হাসপাতালে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ
কিশোরগঞ্জের করিমগঞ্জ, নিকলী, মিঠামইন ও কটিয়াদী—এই চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে প্রসূতিদের অস্ত্রোপচার (সিজারিয়ান অপারেশন) কার্যক্রম বন্ধ রয়েছে। সব রকম ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রতিটি হাসপাতালে শুধু একজন বিশেষজ্ঞ শল্যচিকিৎসক, একজন অবেদনবিদ ও দুজন সেবিকার অভাবে সরকারের কোটি কোটি টাকার এ উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। ভোগান্তি পোহাচ্ছেন দরিদ্র পরিবারের প্রসূতিরা।
সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০২ সালে প্রত্যন্ত এলাকার প্রসূতি ও শিশুদের সঠিক এবং উন্নত সেবা দিতে ওই চারটি স্বাস্থ্য কমপ্লেক্সে মোট তিন কোটিরও বেশি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়। এসব ভবনের প্রতিটিতে আধুনিক সুবিধাসহ প্রসূতি অস্ত্রোপচারকক্ষ স্থাপন করা হয়। অস্ত্রোপচারের স্বার্থে অবেদনবিদ (অ্যানেস্থেসিস্ট) ও শল্যচিকিৎসকও (সার্জন) নিয়োগ দেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গিয়ে জানা যায়, ২০০৬ সালের অক্টোবরে করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি অস্ত্রোপচার শুরু হয়। ১২৫টি অস্ত্রোপচার হওয়ার পর ডিসেম্বরে প্রসূতিদের অস্ত্রোপচারকারী শল্যচিকিৎসক বদলি হয়ে চলে যান। এরপর এ পদে আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এতে বন্ধ হয়ে যায় প্রসূতি অস্ত্রোপচার।
২০০৩ সালে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি অস্ত্রোপাচার শুরু হয়। কয়েক মাস সুষ্ঠুভাবে এ কার্যক্রম চলার পর অবেদনবিদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেষণে চলে যান। এর পর থেকে এখানকার কার্যক্রম কার্যত বন্ধ আছে। হাওর উপজেলা মিঠামইনে কোটি টাকা ব্যয়ে অস্ত্রোপচারকক্ষ তৈরি ও সেখানে যন্ত্রপাতি স্থাপন করা হলেও শল্যচিকিৎসক ও অবেদনবিদ নিয়োগ দেওয়া হয়নি। ফলে এখানে প্রসূতি স্বাস্থ্যসেবা কার্যক্রম গত ১০ বছরেও শুরু করা সম্ভব হয়নি। আর নিকলীতে অবেদনবিদ ও সেবিকার অভাবে গত ১০ বছরে একটিও প্রসূতি অস্ত্রোপচার হয়নি।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মঞ্জুরুল হক জানান, এসব সমস্যা লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহু আগেই জানানো হয়েছে। সিভিল সার্জন হোসাইন সারোয়ার খান বলেন, একমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কড়া সিদ্ধান্ত নিয়ে শুধু এই কার্যক্রমের জন্য চিকিৎসক ও সেবিকা নিয়োগ দিয়ে এ ক্ষেত্রে গতিশীলতা আনতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক দ্বীন মোহাম্মদ জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে।