চার ‘কালো’ সমিতিকে খাসপুকুর ইজারা
জয়পুরহাটের আক্কেলপুরে কালো তালিকাভুক্ত চারটি মৎস্যজীবী সমবায় সমিতিকে খাসপুকুর ইজারা দেওয়া হয়েছে। গত এপ্রিলে দুই দফায় ওই চারটি সমিতির নামে মোট আটটি পুকুর ইজারা দিয়েছে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি।২০০৯ সালে ভূমি মন্ত্রণালয়ের জারি করা সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করায় ২০১০ সালে ওই চারটি সমিতিকে কালো তালিকাভুক্ত করা হয়। সমিতিগুলো হলো জালালপুর, আক্কেলপুর বাজার, রায়কালি মধ্যপাড়া ও করমজি মৎস্যজীবী সমবায় সমিতি।জলমহাল ইজারাসংক্রান্ত ওই নীতিমালার প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যিনি প্রাকৃতিক উৎস থেকে মাছ শিকার এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করেন, তিনিই প্রকৃত মৎস্যজীবী বলে গণ্য হবেন। কোনো সমিতিতে প্রকৃত মৎস্যজীবী নন, এমন সদস্য থাকলে সেই সমিতি কোনো সরকারি জলমহাল বন্দোবস্ত পাওয়ার যোগ্য হবে না। এ ছাড়া উপজেলা সমবায় কার্যালয় কিংবা সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন না নিলে কোনো সমিতি জলমহাল ইজারা পাওয়ার জন্য আবেদন করতে পারবে না।এই প্রজ্ঞাপন জারির পর সে সময় সরকারি জলমহাল ইজারা নিতে শিক্ষক, ছাত্র, রাজনৈতিক দলের নেতা-কর্মীরা মৎস্যজীবী বনে যান। এ নিয়ে ২০১০ সালের ২৫ জানুয়ারি প্রথম আলোয় ‘জলমহাল ইজারা নিতে নেতা ও শিক্ষক বনলেন মৎস্যজীবী!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।তখন জেলা প্রশাসকের নির্দেশে গঠিত তদন্ত কমিটি নিবন্ধিত ২৪টি মৎস্যজীবী সমবায় সমিতির মধ্যে মাত্র নয়টিতে প্রকৃত মৎস্যজীবী খুঁজে পায়। তদন্ত কমিটির প্রধান আবু হোসেন জানান, তদন্তে জালালপুর, আক্কেলপুর বাজার, রায়কালি মধ্যপাড়া, করমজি মৎস্যজীবী সমবায় সমিতিসহ ১৫টি সমিতিতে প্রকৃত মৎস্যজীবী পাওয়া যায়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা জলমহাল কমিটি গত মার্চে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তিন বছরের জন্য জলমহাল ইজারা দিতে দরপত্র আহ্বান করে। গত ২৩ এপ্রিল প্রথম দফায় দরপত্রে মোট ছয়টি সমিতি অংশ নিয়ে জলমহাল বরাদ্দ পায়। গত ৩০ এপ্রিল দ্বিতীয় দফায় আরও তিনটি সমিতি দরপত্রে অংশ নিয়ে জলমহাল ইজারা পেয়েছে।জলমহাল ইজারা সংক্রান্ত কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, কালো তালিকাভুক্ত রায়কালি মধ্যপাড়া মৎস্যজীবী সমবায় সমিতিকে উত্তর বিষ্ণপুর মৌজার বুড়ির পুকুর ও মুনজিয়া মৌজার তাড়াতগাড়ী, করমজি মৎস্যজীবী সমবায় সমিতিকে রামশালা মৌজার চিড়াকুটি ও চাংগাড়ী পুকুর বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে গত ৩০ এপ্রিল দ্বিতীয় দফায় জালালপুর মৎস্যজীবী সমবায় সমিতিকে মালিগ্রাম মৌজার দিঘি ও আমবাড়ি মৌজার ছাওয়াল পোতা এবং আক্কেলপুর বাজার মৎস্যজীবী সমবায় সমিতিকে ভাগবুড়া মৌজার সিংড়া এবং নারিকেলী মৌজার পাকড়াপাড়া পুকুর বরাদ্দ দেওয়া হয়েছে। আক্কেলপুর বাজার মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম দাবি করেন, তাঁরা কমিটি সংশোধন করে জলমহাল ইজারার দরপত্রে অংশ নিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘অভিযোগ ওঠার পর কাগজপত্র ঘেঁটে দেখলাম ঘটনা সত্য। তবে সমিতিগুলো কীভাবে জলমহাল ইজারা দরপত্রে অংশগ্রহণের যোগ্যতা ফিরে পেল, তা আগের ইউএনও ভালো জানবেন।’তৎকালীন ইউএনও এস এ এম রফিকুন্নবী দাবি করেন, কালো তালিকাভুক্ত চারটি সমিতির কমিটি সংশোধিত হয়ে জলমহাল ইজারায় অংশ নিয়েছিল। বিধি মোতাবেক ওই সমিতির নামে পুকুর ইজারা দেওয়া হয়েছে। উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাস বলেন, কোনো নিবন্ধিত মৎস্যজীবী সমবায় সমিতির কমিটি সংশোধন হলে সেটি আগে সমবায় কর্মকর্তার জানার কথা। কালো তালিকায় থাকা ১৫টির মধ্যে কোনো সমিতির কমিটিই সংশোধন হয়নি।