চার 'জেএমবি সদস্যের' পাঁচ দিন করে রিমান্ড
চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতার গ্রেনেড বিস্ফোরণে নিহত হওয়া এবং অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় পৃথক পাঁচটি মামলা করেছে নগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে কর্ণফুলী থানার তিন মামলায় চার আসামির পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের। আজ বুধবার বিকেলে শুনানি শেষে তিনি এ রিমান্ড মঞ্জুর করেন।
সদরঘাট থানায় করা ছিনতাইয়ের অন্য একটি মামলায় চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভূঁইয়া আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন। চার জেএমবি সদস্যকে হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় আদালতপাড়ায় নেওয়া হয় কড়া নিরাপত্তা।
এদিকে চার আসামির একজন সুজন ওরফে বাবু বায়েজিদ বোস্তামি থানার ‘লেংটা ফকিরের মাজারে’ জোড়া খুনের ঘটনায় আজ চট্টগ্রাম মহানগর হাকিম ঝলক রায়ের খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। লেংটা ফকিরকে সিজদা করা ইসলাম পরিপন্থী হওয়ায় তাকে খুন করেছেন বলে স্বীকার করেন তিনি।
পুলিশ জানায়, গত রোববার ও সোমবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবির সদস্য সন্দেহে তৌফিকুল ইসলাম ওরফে জাবেদ, সুজন ওরফে বাবু, বুলবুল আহমেদ ওরফে ফুয়াদ, দুই সহোদর মাহবুবুর রহমান ওরফে খোকন ও শাহজাহান ওরফে কাজলকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। জাবেদকে নগরের কর্ণফুলী থানার খোয়াজ নগরের একটি বাসা থেকে নয়টি বোমা সদৃশ গ্রেনেড, ১২০ রাউন্ড গুলি, ১০ টি ছুরি ও ধর্মীয় বইসহ গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার ভোরে জাবেদকে নিয়ে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের নির্জন এলাকায় গ্রেনেড উদ্ধারে গেলে কথিত গ্রেনেড বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়। ওই দিন সকালে নগর পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে জানানো হয়, গ্রেপ্তার জেএমবি সদস্যরা গত ২৩ সেপ্টেম্বর নগরের সদরঘাট এলাকায় ছিনতাইয়ে তিন খুনের ঘটনায় জড়িত। এ ছাড়া গ্রেপ্তার সুজন ওরফে বাবু গত ৪ সেপ্টেম্বর লেংটা ফকিরের মাজারে জোড়া খুনের সঙ্গে জড়িত।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, কর্ণফুলীর খোয়াজ নগরে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে কর্ণফুলী থানায় পৃথক তিনটি মামলা করেন নগর ডিবির উপপরিদর্শক (এসআই) আফতাব হোসেন। মামলায় গ্রেপ্তার ফুয়াদ, খোকন, কাজল ও সুজন এবং পলাতক পিয়াস ও ফারদিনকে আসামি করা হয়। এ মামলায় গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদ করতে নগর ডিবি পুলিশ ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এ ছাড়া গ্রেপ্তার ওই চার আসামিকে সদরঘাটে ছিনতাইয়ের মামলায় জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে আগামী রোববার শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
এ ছাড়া গতকাল গ্রেনেড বিস্ফোরণে জেএমবি চট্টগ্রাম অঞ্চলের সামরিক প্রধান জাবেদ নিহত হওয়ার ঘটনায় গতকাল রাতে ডিবির দুই এসআই বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন। মামলায় দুই থেকে তিনজনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা রাতে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার চার জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
জোড়া খুনের স্বীকারোক্তি
গত ৪ সেপ্টেম্বর নগরের বায়েজিদ বোস্তামি থানার আকবরটিলা এলাকায় লেংটা ফকিরের মাজারে লেংটা ফকির রহমত উল্লাহ ও তাঁর খাদেম আবদুল কাদের খুনের কথা স্বীকার করে আজ আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার জেএমবি সদস্য সুজন ওরফে বাবু। বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তিনি জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, জবানবন্দিতে আসামি সুজন লেংটা ফকির ও তার খাদেমকে দা দিয়ে খুন করার কথা স্বীকার করেছেন। লেংটা ফকিরকে তাঁর মাজারে (আস্তানায়) লোকজন সিজদা করত। এটি ইসলাম পরিপন্থী কাজ। তাই ফারদিন নামের এক বড়ভাইয়ের নির্দেশে তাঁকে খুন করার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা বাস্তবায়ন করতে ঘটনার কয়েক দিন আগে বাইসাইকেল নিয়ে লেংটা ফকিরের মাজারে ঘুরে আসেন সুজন। খুন করতে তিন শ টাকা দিয়ে একটি দা কেনেন সুজন। বড়ভাইয়ের কাছ থেকে ককটেল নেন। ঘটনার দিন জুমার নামাজের সময় লেংটা ফকিরের আস্তানায় তাঁকে ঘুমন্ত অবস্থায় পেয়ে দা দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। তাঁর পাশে ঘুমানো খাদেম জেগে উঠলে তাঁকেও কুপিয়ে হত্যা করা হয়। পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাঁকে ধাওয়া দিলে তিনি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পার্শ্ববর্তী পাহাড়ে লুকিয়ে থাকেন। পরদিন সকালে তিনি অক্সিজেন এলাকায় তাঁর বাসায় চলে যান।