চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান বরখাস্ত
রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আজ বুধবার চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে একটি ফ্যাক্সবার্তা এসেছে।চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন ওই ফ্যাক্স বার্তার বরাত দিয়ে জানান, আবু সাঈদের নামে প্রায় ১৭টি মামলা আছে। এর মধ্যে ফৌজদারি মামলাগুলোতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আদালতে তা গৃহীত হয়েছে। এ জন্য তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রপতির পক্ষে এই আদেশে স্বাক্ষর করেছেন উপসচিব সবুর হোসেন।
এ ব্যাপারে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার গোলাম মর্ত্তুজা বলেন, গত দুই মাসে তাঁর (আবু সাঈদ) নামে চারটি ফৌজদারি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। এগুলো হলো ২০১১ সালের পুলিশের ওপর হামলা, ২০১২ সালে সরদহ স্টেশনে ট্রেনে ও হলিদাগাছি রেলগেট এলাকায় চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং ২০১৩ সালে উপজেলার শলুয়া এলাকায় রেললাইন উপড়ে ফেলা-সংক্রান্ত মামলা।
জানতে চাইলে আবু সাঈদ বলেন, তিনি আজ বেলা ১১টার দিকে সাময়িকভাবে বরখাস্তের আদেশের কপি হাতে পেয়েছেন। তিনি উচ্চ আদালতে এই আদেশের বিরুদ্ধে রিট করবেন।
আবু সাঈদ চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির সদস্য। তিনি এবার দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার তিনি পেয়েছেন ৬৫ হাজার ৭৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪১ হাজার ৫১৪ ভোট।