চারঘাট থানা থেকে ৬০টি গুলি চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট থানা থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ৬০টি গুলি, দুটি চার্জার (গুলি রাখার খাপ) ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে পুলিশ জড়িত কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চারঘাট পৌর এলাকা ফকিরপাড়া মহল্লার মো. টিপু (৩০) ও গোপালপুর মহল্লার মো. লিটন (৩২)। থানা সূত্রে জানা গেছে, পুলিশ সদস্যরা সাধারণত টহল শেষে থানায় ফিরে অস্ত্র থানার অস্ত্রাগারে জমা দেন। গুলিও অস্ত্রাগারেই রাখার কথা। বৃহস্পতিবার রাতে সহকারী উপপরিদর্শক (এএসআই) হেদায়েত হোসেন, কনস্টেবল বিদ্যুৎ কুমার, আকরাম হোসেন ও রাশিদুল ইসলাম টহলে ছিলেন। হেদায়েত জানান, তিনি ওই দিন লাঠি নিয়ে টহলে গিয়েছিলেন। এ জন্য গুলি তাঁর থাকার ঘরে নিজের ব্যাগে রেখে যান। ফিরে এসে দেখেন ঘরের দরজায় যে বালার সঙ্গে তালা দেওয়া থাকে, সেই বালা উপড়ে ফেলা হয়েছে। ভেতরে তাঁদের চারজনের চারটি ব্যাগ ছিল, তা নেই। খোঁজাখুঁজি করে স্থানীয় নদীর ধারে ব্যাগ চারটি পাওয়া যায়। তাঁর ব্যাগে ৬০টি গুলি ও দুই হাজার ৬০০ টাকা ছিল, রাশিদুলের ব্যাগে ছিল ছয় হাজার টাকা। সব খোয়া গেছে। চারঘাটের ওসি আবদুর রাজ্জাক খান বলেন, ঘটনা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। টহল দলের সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, এ ঘটনায় মামলা করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।