চারঘাট পৌর এলাকায় ডুবে আছে রাস্তাঘাট
দুই মাস ধরে নেপাল সরকারের বাড়ির ভেতর পানি। উঠোন থেকে ঘরে ওঠার চারটি সিঁড়ির মধ্যে আর মাত্র একটি বাকি। এই সিঁড়িটা ডুবলেই তাঁর ঘরে পানি উঠবে। রাজশাহীর চারঘাট পৌর এলাকায় পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকাবাসীকে এ রকম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। নেপাল সরকার তাঁর বাড়ি দেখিয়ে বলেন, ‘কে বলবে, আমরা পৌরসভার নাগরিক?’স্থানীয় ব্যক্তিরা জানান, চারঘাট পৌর এলাকার সব ওয়ার্ডে পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা নেই। আবার যেসব এলাকায় ড্রেন ছিল, সেগুলোও ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চারঘাট উপজেলা প্রশাসনের সীমানাপ্রাচীরের দক্ষিণের পাশের এলাকায় দুই মাস ধরে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অধিকন্তু এক পশলা বৃষ্টি হলেই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চারঘাট কলেজের মাঠ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পাশের গোলচত্বর পানিতে ডুবে যায়।গত বৃহস্পতিবার পৌর এলাকার ছয় নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, রাস্তাঘাট সবই পানিতে ডুবে রয়েছে। কোনো বাড়ির চার পাশেই পানি থই থই করছে। এলাকাবসীকে এর ভেতর দিয়ে রাত-দিন চলাফেরা করতে হচ্ছে। তাঁরা বলেন, একটি ড্রেন হলেই সব পানি নদীতে নেমে যাবে। পৌরসভা হওয়ার পর একজন প্রশাসক ও দুজন নির্বাচিত চেয়ারম্যান তাঁদের মেয়াদ পার করেছেন। কয়েক মাস আগে নতুন আরেকজন দায়িত্ব নিয়েছেন। এখন পর্যন্ত এ কাজটি হয়নি।এলাকার বাসিন্দা ডাকরা ডিগ্রি কলেজের শিক্ষক হাফিজ উদ্দিনের বাড়ির চার দিকেই পানি জমে আছে। হাফিজ উদ্দিন বলেন, গত ১৫ থেকে ২০ দিন তিনি বাড়ি থেকে তাঁর মোটরসাইকেল বের করতে পারেননি। এ ছাড়া খানাখন্দ হয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে পায়ে হেঁটেও বাড়ির তিন দিক দিয়ে বের হওয়ার কোনো উপায় নেই; বের হতে গেলেই ভিজতে হবে। কোনো রকমে বাড়ির উত্তর পাশ দিয়ে কাপড় বাঁচিয়ে বের হতে হচ্ছে।এলাকার কলেজশিক্ষক মুরাদ আলী বলেন, বর্ষার সময় তাঁর বাড়ির পশ্চিম পাশে যেতে হলে তাঁকে হাঁটুপানিতে নামতে হয়। তিনি বলেন, এ এলাকা দেখে কেউ ধারণা করতে পারবেন না যে এটি একটি পৌর এলাকা। বাড়তি ট্যাক্স দিয়ে পৌরসভা বানিয়ে, ভোট দিয়ে প্রতিনিধি তৈরি করে তাঁরা কোনো নাগরিক সুবিধাই পাচ্ছেন না।এ ব্যাপারে গতকাল চারঘাট পৌর মেয়র নার্গিস খাতুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর বদ্ধ ড্রেনগুলো আগে পরিষ্কার করাচ্ছি। এখনো আমি এলাকায় এই কাজ তদারক করছি।’ তিনি জানান, যেখানে ড্রেন নেই, তিনি সেই এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত ড্রেন তৈরির কাজ হাতে নিচ্ছেন।