চারঘাটে অনুমোদনহীন প্রসাধন কারখানার সন্ধান, কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলায় অনুমোদনহীন একটি প্রসাধন কারখানার মালিককে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আদালত ওই কারখানায় উৎপাদিত ‘মৌমি’ ব্র্যান্ডের তিন হাজার প্যাকেট স্যালাইন, টুথ পাউডার, শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডারসহ কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করেন। রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে গতকাল সোমবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা চারঘাটের ভাটপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন ওই কারখানার সন্ধান পাওয়া যায়। আদালত সূত্রে জানা গেছে, কারখানার মালিক আবদুল মতিন এর আগে গাজীপুরের একটি সাবান কারখানায় কাজ করতেন। সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে এসে তিনি চারঘাটের ভাটপাড়া বাজারে এই কারখানা গড়ে তোলেন। আবদুল মতিন বলেন, তিনি রসায়নে পড়াশোনা করেছেন। এর আগে গাজীপুরে সাবান কারখানায় কাজ করার সময় তিনি এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি গ্রামে এসে কারখানা খুলেছিলেন।অনুমোদন না নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘এটা ভুল হয়ে গেছে।’