চারঘাটে আ.লীগে উত্তেজনা
রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় সমর্থন নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। দলের কিছু নেতা-কর্মী গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ঘেরাও করে প্রার্থী বাছাইয়ের সভা পণ্ড করে দেন। পরে তাঁরা প্রার্থীর নাম ঘোষণা করেন।পৌর আওয়ামী লীগের সদস্য আবদুল মান্নান অভিযোগ করেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজউদ্দিন বেশির ভাগ সদস্যকে বাদ দিয়ে নিজেদের পক্ষের মুষ্টিমেয় কয়েকজন সদস্যকে নিয়ে পৌর আওয়ামী লীগের সভা আহ্বান করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে মেয়র পদপ্রার্থী ঘোষণার চক্রান্ত চলছিল। খবর পেয়ে বেলা ১১টার দিকে দলের অনেক নেতা-কর্মী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ঘেরাও করে তাঁদের সভা পণ্ড করে দেন। তাঁরা তাঁদের প্রার্থী হিসেবে নার্গিস খাতুনের নাম ঘোষণা করেন।পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজউদ্দিন এ বিষয়ে বলেন, নিয়মতান্ত্রিক উপায়ে প্রার্থী বাছাইয়ের জন্য তাঁরা বসেছিলেন। যাঁরা নার্গিস খাতুনের পক্ষের, সভায় তাঁদের ডাকা হয়নি। পৌর আওয়ামী লীগের সভাপতিকে না ডাকার ব্যাপারে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের দায়িত্ব ছিল তাঁকে সঙ্গে নিয়ে আসার।