চারঘাটে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে গত শনিবার ১৪৪ ধারা উপেক্ষা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার অভিযোগে ওই দিন রাতেই চারঘাট থানায় মামলা হয়েছে। এতে চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদকে প্রধান আসামি করা হয়েছে।মামলার বাদী চারঘাট থানার উপপরিদর্শক আবুল হোসেন জানান, এজাহারে ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচ হাজার মানুষকে আসামি করা হয়েছে। এর মধ্যে অনুষ্ঠানের আয়োজক লুৎফর রহমানের নামও আছে। ঘটনাস্থল থেকে আটক ২৯ জনের মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৬ জনকে গতকাল রোববার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজশাহীর বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে।চেয়ারম্যান আবু সাঈদ গতকাল প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে ফোন করে বলেন, তিনি সলুয়া ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছিলেন। এখন পুলিশ মিথ্যা কথা বলছে।সলুয়া ডিগ্রি কলেজ মাঠে শনিবার বিকেলে ‘তাফসিরুল কোরআন মাহফিলের’ আয়োজন করা হয়। এতে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে রফিক বিন সাঈদীর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু প্রশাসনের অনুমতি ছাড়া ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে—এ কথা উল্লেখ করে শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করে কর্তৃপক্ষ। ১৪৪ ধারা উপেক্ষা করে লোকজন বিকেলে অনুষ্ঠানস্থলে ঢোকার চেষ্টা করলে র‌্যাব-পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩০ জন আহত হয়। চেয়ারম্যান আবু সাঈদের নেতৃত্বে এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ করে পুলিশ।