চারঘাটে খুলবে জলকপাট পানিতে ভরে যাবে বড়াল
রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদের উৎসমুখে স্থাপিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জলকপাট (স্লুইস গেট) এবার পুরোটা খুলে দেওয়া হবে। এ বছরই খনন করা হবে এর উৎসমুখ। পানিতে ভরে যাবে বড়াল।
গতকাল শুক্রবার সকালে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলামসহ রাজশাহী বিভাগীয় নদী রক্ষা কমিটির সদস্যরা বড়াল নদের উৎসমুখ পরিদর্শন করেন। পরে নগরের সার্কিট হাউসে বড়াল নদ উদ্ধারের জন্য গঠিত বিভাগীয় নদী রক্ষা কমিটির প্রথম বৈঠকে ওই ঘোষণা দেন।
বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। পাউবোর প্রধান প্রকৌশলী এ কে এম মমতাজ উদ্দিন ও জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য আলাউদ্দিন সভায় বক্তব্য দেন। এ ছাড়া রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পাউবোর কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সবাই মুক্ত আলোচনায় অংশ নেন।
সভায় বড়াল নদের বর্তমান অবস্থার ওপরে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে এই নদ সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, বড়াল নদের দৈর্ঘ্য ৮৯ কিলোমিটার। চারঘাটে বড়ালের উৎসমুখে ১৯৮২ থেকে ১৯৮৪ সালে নির্মিত স্লুইস গেটটি ৩২০ বর্গফুট পর্যন্ত খোলা সম্ভব হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এত দিন খোলা যায়নি। উৎসমুখে ১ দশমিক ৮ কিলোমিটার এলাকা পলি জমে ভরাট হয়ে গেছে। এর ভাটিতে আটঘরিয়াতে আরও একটি রেগুলেটর নির্মাণ করা হয়েছে। বিভিন্ন জায়গায় নদ দখল হয়ে গেছে। এর সঙ্গে সংযুক্ত নদীগুলোতে ৩৭টি প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।
প্রধান অতিথি বলেন, ‘আমাদের স্লোগান হচ্ছে নদী বাঁচাও, মানুষ বাঁচাও, দেশ বাঁচাও।’ তিনি বলেন, ‘বড়ালের মুখে পাউবোর বসানো স্লুইস গেটগুলো চালু রাখা হলে নদটির এই অবস্থা হতো না। অতীতে হয়তো একটা বাস্তবতায় এগুলো করা হয়েছিল, আজ আমরা সেটা বুঝতে পারছি না।’ তিনি বলেন, পাউবোসহ যাঁরা বড়ালের ওপর স্থাপনা নির্মাণ করেছেন, তাঁরা তা অপসারণ করবেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘বড়াল নদ উদ্ধার হবে। এখানে সফল হতে পারলে আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাকি নদীগুলো উদ্ধার করতে পারব।’ তিনি বলেন, পাউবো এবার স্লুইস গেট পুরোটা খুলে দেবে। উৎসমুখ খনন করবে। আবার পলি পড়বে, আবার খনন করবে।