চারঘাটে ছাত্রলীগের নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট পৌরসভার পল্লী বিদ্যুতের মোড়ে গত সোমবার রাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবদুল আওয়ালকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় আওয়ালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।চারঘাট থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম অভিযোগ করে প্রথম আলোকে বলেন, মূলত তাঁকে হত্যা করতে এই হামলা চালানো হয়। আওয়ালকে কোপানোর পর আমাদের লক্ষ্য করে তারা অন্তত ১০টি গুলি ছোড়ে। ওই সময় পুলিশ এসে ছয়টি ফাঁকা গুলি চালালে হামলাকারীরা পালিয়ে যায়। চারঘাট থানা আওয়ামী লীগের সহসভাপতি টিপু সুলতানের লোকজন এ হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের নেতা ফকরুল ইসলাম, চারঘাট থানা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও থানা ছাত্রলীগের সভাপতি একরামুল হক সোমবার রাতে মাইক্রোবাসে করে রাজশাহী থেকে চারঘাটে আসছিলেন। তাঁদের গাড়ির সামনে মোটরসাইকেলে ছিলেন ছাত্রলীগের নেতা আবদুল আওয়াল। রাত সাড়ে ১১টার দিকে তাঁরা চারঘাটের পল্লী বিদ্যুতের মোড়ে পৌঁছালে সন্ত্রাসীরা রাস্তা আটকে ধারালো অস্ত্র দিয়ে আবদুল আওয়ালকে কুপিয়ে জখম করে। ওই সময় মাইক্রোবাসে থাকা আওয়ামী লীগের নেতারা চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে সহযোগিতা চান। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ গোলাগুলির কথা অস্বীকার করে বলেন, এ ব্যাপারে কোনো মামলা হয়নি।যোগাযোগ করা হলে টিপু সুলতান প্রথম আলোকে বলেন, আবদুল আওয়ালকে কোপানোর ব্যাপারে তিনি কিছুই জানেন না। শুধু শুনেছেন যে চারঘাটে একটা গণ্ডগোল হয়েছে।