চারঘাটে পাটগাছ কেটে ফেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটের এক ব্যক্তির ৪০ বছরের দখলীয় জমির পাট কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে প্রতিপক্ষের লোকেরা তাঁর জমির অপরাংশের কলাগাছও কেটে রেখে যায়। গত বৃহস্পতিবার এ ঘটনার পর জমির মালিক তফেল উদ্দিন চারঘাট থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বালাদিয়াড় গ্রামের তফেল উদ্দিন (৫৫) প্রায় ৪০ বছর ধরে বালাদিয়াড় মৌজার ৬৫ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। গত জানুয়ারিতে রঘুরামপুর গ্রামের জিয়াউর রহমান (৩৫) ও তাঁর লোকজন ওই জমিতে লাগানো কলাগাছ কেটে ফেলেন ও জমির মালিকানা দাবি করে তাঁকে জমিতে যেতে নিষেধ করেন। এর পরিপ্রেক্ষিতে তিনি আদালতে মামলা করেন। গত বৃহস্পতিবার জিয়াউর রহমান লোকজন নিয়ে গিয়ে তাঁর জমিতে রোপণ করা পাট কেটে নেন এবং পাঁচ কাঠা জমির কলাগাছ কেটে নষ্ট করেন। এ ব্যাপারে তিনি জিয়াউর রহমানসহ ১০ জনকে আসামি করে চারঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।