চারঘাটে বড়াল দখলমুক্ত করার সিদ্ধান্ত
রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বড়াল নদকে অবৈধ দখলমুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল সোমবার কমিটির সভায় রাজশাহী রক্ষা পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান এই দাবি উত্থাপন করলে স্থানীয় সাংসদসহ সবাই সঙ্গে একমত পোষণ করেন।জেলা প্রশাসক আব্দুল হান্নানের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় জামাত খান বলেন, জেলার চারঘাটে বেড়া দিয়ে বড়াল নদ দখল করে তিনটি প্রভাবশালী মহল মাছ চাষ শুরু করেছে। তারা নদীতে গোবর, মুরগির বিষ্টা, সারসহ নানা কিছু দিচ্ছে। এতে করে বড়াল তীরের মানুষ আর সেই পানি ব্যবহার করতে পারছে না। তাদের গায়ে চুলকানি দেখা দিচ্ছে। ওই এলাকার মানুষ চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করে উল্টো বিপদে পড়েছে। দখলদারেরা গ্রামে গিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে।এ প্রসঙ্গে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বলেন, বড়াল দখলের যে প্রক্রিয়া চলছে সেটা সবাই মিলে প্রতিহত করতে হবে। বড়ালের সঙ্গে রাজশাহী, নাটোর, পাবনাসহ বৃহত্তর এলাকার মানুষের স্বার্থ জড়িত। তিনি বলেন, বড়ালে মাছ চাষ থেকে শুরু করে সব ধরনের দখলদারির অবসান ঘটাতে হবে। জেলা প্রশাসক আব্দুল হান্নান বলেন, ‘এ সময়ে কারা বড়াল দখল করে মাছ চাষ করছে, তাদের সবাইকে আমরা চিনি। কাদের ছায়ায় তারা এই কাজ করার সাহস পাচ্ছে সেটাও আমরা জানি।’ তিনি বলেন, চারঘাটে বড়ালকে দখলমুক্ত করার জন্য ইতিমধ্যে অবৈধ মাছ ব্যবসায়ীদের বেড়া উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ মার্চ বড়াল রক্ষার জন্য ২২০ কিলোমিটার এলাকায় মানববন্ধন করা হয়। এ সময় চারঘাটে দখলদারেরা মানববন্ধনে হামলা করে।