চারঘাটে মদপানে আরও দুজনের মৃত্যু
রাজশাহীর চারঘাটে মদপানে আজ বুধবার আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চারঘাটে মদ পানে মৃতের সংখ্যা দাঁড়াল সাতজনে।
এর আগে গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত একই মদপানে পাঁচজনের মৃত্যু হয়।
আজ মারা গেছেন চারঘাট উপজেলার সরদহ কুঠিপাড়া গ্রামের লালন উদ্দিন (৩০) ও সরদহ গৌড়শহরপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫০)। তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ফেরদৌস বলেন, গত সোমবার রাতে মদপানে অসুস্থ অনিলের সঙ্গে জাহাঙ্গীর ও লালনকেও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ার কারণে গতকাল সকালে তাঁদের তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এঁদের মধ্যে ওই দিন দুপুরেই অনিল (৭২) মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডমাস্টার মোশাররফ হোসেন জানান, হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আজ বেলা ১১টার দিকে এবং লালন বেলা ১১টা ৫৫ মিনিটে মারা যান। তাঁদের দুজনের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে মদপানের কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে এই মদ খেয়ে চারঘাট উপজেলার সরদহ কুঠিপাড়া গ্রামের মাহতাব উদ্দিন (৫৫), মুক্তারপুর গাংপাড়া গ্রামের হেলাল উদ্দিন (৫০), সারদা পুলিশ একাডেমি কলোনি এলাকার জহরলাল (৭০) ও বুদনি রানি (৬৫) মারা যান। নিহত অনিলের (৭২) বাসা সারদা পুলিশ একাডেমির কলোনি এলাকায়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ আজ দুপুরে প্রথম আলোকে বলেন, আগে যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে দুজনের লাশ দাফন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে কলোনির তিনজনের লাশের ব্যাপারে প্রক্রিয়া চলছে। এসব মৃত্যুর ঘটনায় রাজশাহী নগরের রাজপাড়া থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।