চারঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা
রাজশাহীর চারঘাট উপজেলার শিমুলিয়া গ্রামে জুলিয়া খাতুন (১৬) নামের এক ছাত্রীকে ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে গ্রামের একটি লিচুবাগানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাটিতে পড়ে থাকা মেয়েটির লাশ উদ্ধার করা হয়।জুলিয়া শিমুলিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ত। এ ঘটনায় তার বাবা রুস্তম আলী চারজনকে আসামি করে গতকাল চারঘাট থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পুলিশ শিমুলিয়া গ্রাম থেকে মামলার আসামি জুলিয়ার সহপাঠী রুবেল এবং গ্রামের রিয়াদকে গ্রেপ্তার করেছে।রুস্তম আলী জানান, প্রতিদিন তিনি গ্রামের বাড়ি থেকে রাজশাহী শহরে কাজে যান। আবার রাত আটটার দিকে বাড়ি ফেরেন। শুক্রবার রাতে শিমুুলিয়া উচ্চবিদ্যালয়ে ওয়াজ মাহফিল হচ্ছিল। তাঁর এক মেয়ের বাড়ি ওই বিদ্যালয়ের কাছেই। ওয়াজে বোনদের যাওয়ার কথা শুনে ছোট মেয়ে জুলিয়াও সেখানে যায়।স্থানীয় লোকজন গতকাল সকালে শিমুলিয়া উচ্চবিদ্যালয়ের পাশে জুলিয়ার লাশ দেখতে পায়। পরে তাঁরা সেখানে গিয়ে দেখেন জুলিয়ার লাশ পড়ে আছে। তার গলায় ওড়না গিঁট দিয়ে ফাঁস লাগানো রয়েছে।রুস্তম আলীর অভিযোগ, বিদ্যালয়ে যাতায়াতের পথে যে ছেলেটি জুলিয়াকে বিরক্ত করত, তারই কাজ এটা। তিনি বলেন, মেয়েকে উত্ত্যক্ত করার কারণে ওই ছেলেকে তিনি একবার শাসিয়েছেন।গতকাল বেলা ১১টার দিকে চারঘাট থানার তদন্ত (পরিদর্শক) শামসুল হক প্রথম আলোকে বলেন, আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে ধর্ষণের পরে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। তবে ডাক্তারি পরীক্ষায় পুরোটা ধরা পড়বে।পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।