চারঘাটে ৩৮টি গাছ হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলার গোপালপুর গ্রামের সঞ্জয় চন্দ্র শীলের বাগানের ৩৮টি আম ও মেহগনিগাছ শুক্রবার রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ নিয়ে ২০০৪ সাল থেকে কয়েক দফায় তাঁদের পরিবারের মোট ৭২টি গাছ কেটে নষ্ট করা হলো। শুক্রবারের ঘটনায় সঞ্জয় চন্দ্র শীল ওই গ্রামের আরমান কদু, মাসুদ কদু ও পলটু কদুর নামে চারঘাট থানায় গতকাল শনিবার মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দুষ্কৃতকারীরা সঞ্জয়ের বাগানের ১১টি আমগাছ ও ২৭টি মেহগনি গাছ কেটে ফেলে। আমগাছগুলোর বয়স পাঁচ বছর। মেহগনি গাছগুলোর বয়স প্রায় আট বছর।গতকাল শনিবার সকালে ওই গ্রামে গিয়ে দেখা গেছে, মাটির এক-দেড় হাত ওপর থেকে গাছগুলো কেটে ফেলা হয়েছে। কাটা গাছগুলো জমিতেই পড়ে আছে।সঞ্জয় বলেন, রোববার (আজ) তাঁর ভাই নির্মল চন্দ্র শীলের বিয়ে। দুর্বৃত্তরা একইভাবে তাঁর চাচাত ভাই সুবলের ভাতিজার বিয়ের আগের রাতে সুবলের গাছগুলো কেটেছিল। সুবল বলেন, গ্রামের একটি প্রভাবশালী পরিবার এ বছর তাঁদের পুকুরের মাছ লুট করে সেই পুকুরে পাট জাগ দিয়েছে। প্রভাব খাটিয়ে তারা তাঁদের জমিও দখল করে রেখেছে। তিনি জানান, তাঁদের ধারণা ওই প্রভাবশালী পরিবারটি এবার তাঁদের গাছ হত্যার নেপথ্যে রয়েছে।২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি রাতে সুবলের বাগানের বড় পাঁচটি আমগাছ কেটে ফেলে দুষ্কৃতকারীরা। ২০০৪ সালের ৫ ডিসেম্বর রাতে সুবলের বাগানের ১৪টি আমগাছ কেটে ফেলা হয়। এভাবে মাঝে-মধ্যে একটি-দুটি করে ২০০৪ সালেই সুবলের বাগানের মোট ২৯টি গাছ কাটা হয়। সুবল বলেন, এ নিয়ে তিনি থানায় মামলা করেছিলেন। পুলিশ প্রাথমিক তদন্ত করেই দায়িত্ব সেরেছে।চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, গোপালপুর গ্রামের একটি পরিবারের সঙ্গে জমি নিয়ে সঞ্জয়দের বিরোধ রয়েছে। এ নিয়ে তিনি সালিস করেছেন। এখনো একটি সালিস প্রক্রিয়াধীন রয়েছে। এ অবস্থায় তৃতীয় কোনো পক্ষ দুই পক্ষের মধ্যে তিক্ততা বাড়ানোর জন্যও এ কাজ করতে পারে।