চারঘাটে ৪০ বস্তা ভেজাল সার জব্দ, গ্রেপ্তার ১
রাজশাহীর চারঘাট উপজেলার বনকিশোর গ্রামে পুলিশ একটি ভেজাল সার কারখানার সন্ধান পেয়েছে। গত সোমবার গভীর রাতে ওই কারখানায় অভিযান চালিয়ে ৪০ বস্তা ভেজাল সার উদ্ধার করা হয়। এ সময় কারখানার মালিক জাহাঙ্গীর আলমকে (৩০) গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে ভারতীয় সারের সঙ্গে দেশি সার মিশিয়ে বাংলাদেশি বলে বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাত ১২টার দিকে তারা বাড়িটি ঘিরে ফেলে। পরে বাড়ির ভেতরে অভিযান চালিয়ে ৪০ বস্তা সার ও সারের বস্তার মুখ সেলাই করার একটি যন্ত্র জব্দ করা হয়।গতকাল মঙ্গলবার চারঘাট থানায় জব্দ করে আনা সারের বস্তার গায়ে ‘বিএডিসি ভবন, ঢাকা’র সিল লাগানো দেখা গেছে। আর ভারতীয় সারের বস্তার গায়ে ‘ইন্ডিয়ান পটাশ লিমিটেড’ লেখা রয়েছে। থানায় আটক জাহাঙ্গীর আলম সারে ভেজাল মেশানোর কথা স্বীকার করে বলেন, চোরাই পথে ভারতীয় সার আনা হয়। এর ভেতর থেকে ১০ কেজি পরিমাণ সার বের করে সাত টাকা কেজি দামের লবণ মিশিয়ে বাংলাদেশি সারের বস্তায় ভরে বাজারে বিক্রি করা হয়। তিনি জানান, তাঁর বাজার মূলত রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায়।চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ জানান, জাহাঙ্গীর আলমের বাড়িতে পৌঁছার কিছুক্ষণ আগে ভেজাল চক্রের অন্যান্য সদস্য সেখান থেকে চলে যান। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।