ব্যাংকের ভেতরে নিরাপত্তারক্ষীকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। ব্যাংকের সিসি ক্যামেরা দেখে পুলিশ খুনিদের শনাক্ত করে।
গত ৭ মে রাতে নগরের মুরাদপুরে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শাখায় দুর্বৃত্তরা নিরাপত্তারক্ষী ইব্রাহিম খলিলকে কুপিয়ে হত্যা করে। পরদিন রাত নয়টার দিকে পুলিশ ব্যাংক থেকে লাশ উদ্ধার করে। খুনের ঘটনায় প্রাথমিকভাবে পাঁচজনকে শনাক্ত করা হলেও এক আসামি পলাতক রয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, খুনের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, ব্যাংকের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে সরাসরি খুনে অংশ নেওয়া মাহবুব ও সাগর নামের দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গিয়াস ও আরিফ নামের আরও দুই যুবককে আটক করা হয়। এ ছাড়া মাসুদ নামের এক যুবককে খোঁজা হচ্ছে। কিশোরগঞ্জের মিঠামইন থেকে মাহবুব ও সাগরকে আটক করা হয়। আটক চার আসামির মধ্যে খুনি ও পরিকল্পনাকারী রয়েছে। নিহত নিরাপত্তারক্ষী ইব্রাহিম খলিলের মুঠোফোন থেকে ফোন করে খুনে অংশ নেওয়া এক যুবক। ওই ফোনের সূত্র ধরে পুলিশ খুনিদের অবস্থান সম্পর্কে জানতে পারে।