চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছরের এক শিশুকে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একদল দুর্বৃত্ত। তারা শিশুটির পরিবারের কাছে পরনের কাপড় পাঠিয়ে জানায়, টাকা না দিলে পরিণতি হবে ভয়াবহ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গত শুক্রবার ফরিদপুরের বোয়ালমারী থেকে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ দাবি করেছে, শিশুটিকে গত মঙ্গলবার উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, মিজান নামের এই শিশুটি পয়লা বৈশাখের সন্ধ্যায় রাজধানীর কদমতলী এলাকা থেকে অপহূত হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শিশুটির দূর সম্পর্কের ফুফু রাহিমা আক্তার এর সঙ্গে জড়িত। পুলিশ প্রথমে রহিমাকে গ্রেপ্তার করে। এরপর তাঁর দেওয়া তথ্য দিয়ে গ্রেপ্তার করা হয় জয় আহমেদ, শফিকুল ইসলাম ও মো. রফিকুল ইসলামকে।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, শিশুটির বাবা শাহিন মোল্লা ওমানপ্রবাসী। অপহরণকারীরা ধারণা করে, শিশুটিকে অপহরণের পর তারা অনেক টাকা পাবে। অপহরণের জন্য তারা শিশুটির ফুফুর সঙ্গে যোগাযোগ করে। অপহরণকারীদের পরিকল্পনা অনুসারে পয়লা বৈশাখ সন্ধ্যায় রাহিমা শিশুটিকে খেলনা পিস্তল কিনে দেওয়ার কথা বলে বাইরে নিয়ে আসেন। এরপর রাসেল ও সুজন নামের দুই যুবক তাকে টঙ্গীতে নিয়ে যায়। সেখান থেকে নিয়ে যায় ফরিদপুরের বোয়ালমারীতে। এক সপ্তাহ পরে তারা মুক্তিপণের ১০ লাখ টাকা দাবি করে।
কদমতলী থানার পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে নামে। প্রথমে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয় রাহিমাকে। এরপর ঢাকা থেকে অপহরণের মূল পরিকল্পনাকারী সুজনকে গ্রেপ্তারের পর তাঁর খালু শফিককে বোয়ালমারী থানার পুলিশ গ্রেপ্তার করে। সেই সঙ্গে শফিকের হেফাজত থেকে শিশু মিজানকে উদ্ধার করা হয়।