চারজন গ্রেপ্তার, ঢাকা-সিলেট রুটে ধর্মঘট আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সায়েদাবাদে সিলেটগামী একটি বাসের চালককে পিটিয়ে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে চালক হত্যার প্রতিবাদে আজ বুধবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা-সিলেট রুটে পরিবহন ধর্মঘট আহ্বান করেছে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ এ তথ্য জানান।
গত সোমবার রাতে সায়েদাবাদে কয়েকজন যাত্রীর মারপিটে শ্যামলী পরিবহনের একটি বাসের চালক শিবু চন্দ দে (৪০) অসুস্থ হয়ে মারা যান। বাস ছাড়তে দেরি হওয়ায় যাত্রীরা তাঁর ওপর এ হামলা চালান বলে অভিযোগ। এ ঘটনায় সোমবার রাতেই পুলিশ চার বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে। ওই চার যাত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় মামলা করেছেন নিহত বাসচালকের স্ত্রী রিমা দে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত যে চার বাসযাত্রীকে পুলিশ গ্রেপ্তার করে তাঁরা হলেন রাজন মিয়া (৩২), রেজাউল করিম (৩৩), সোহেল আহমেদ (৩০) ও কামরুল ইসলাম (২৬)। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরিবহনশ্রমিকেরা বলেছেন, সোমবার রাত ১০টার দিকে ফকিরাপুল থেকে ছাড়ে ওই বাসটি। কমলাপুর কাউন্টারে নির্ধারিত বিরতি দিয়ে বাসটি সায়েদাবাদের জনপথ কাউন্টারে যায়। গ্রেপ্তার রাজন, রেজাউল ও সোহেলের কমলাপুর থেকে ওঠার কথা থাকলেও তাঁরা বাস ধরতে পারেননি। পরে অটোরিকশায় করে জনপথ মোড়ে গিয়ে বাসে ওঠেন। রাত সাড়ে ১১টার দিকে যাত্রীদের বাসে ওঠানোর পরও বাসটি কিছুক্ষণ জনপথ মোড়ে দাঁড়িয়ে থাকায় ওই তিন যাত্রী ক্ষুব্ধ হয়ে চালক শিবুকে মারধর শুরু করেন। এ সময় আরেক যাত্রী কামরুলও তাঁদের সঙ্গে মারপিটে যোগ দেন। মারপিটে শিবু অচেতন হয়ে পড়লে অন্য শ্রমিকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।