১৬ জন চিকিৎসকের জায়গায় চারজন দিয়ে চলছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। এর মধ্যে আবার সময়মতো চিকিৎসক না আসায় প্রতিদিন চিকিৎসা নিতে আসা মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, জরুরি বিভাগে চিকিৎসক ইয়াছির আরাফাত রোগীদের চিকিৎসা দিচ্ছেন। সকাল ১০টার দিকে ওই চিকিৎসক আন্তবিভাগে ভর্তি হওয়া রোগীদের দেখতে গেলে ওই সময়ে জরুরি বিভাগের ওয়ার্ডবয় সোহেল রানা উপস্থিত রোগীদের চিকিৎসাসেবা দেন। ওয়ার্ডবয় সোহেল রানা বলেন, ‘স্যারদের সঙ্গে কাজ করতে করতে যে অভিজ্ঞতা হয়েছে, তাতে ছোটখাটো রোগের ওষুধ দিতে পারি।’ দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করে দেখা গেল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ অন্য কোনো চিকিৎসক আসেননি।বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা উপজেলার ঝাঝিরা গ্রামের আছিয়া বিবি (৫৮) বলেন, ‘আগে হামার বাড়ির ধারত ইউনিয়ন হাসপাতালত ডাক্তার দেখাছি। অনিক দিন হলো আর কোনো ডাক্তার বসে না। তাই কষ্ট কর্যা এত দূর অ্যাসা অনেকক্ষণ বসা থ্যাকার পর ডাক্তার দেকাবার পারনু না।’ খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার পর ২০০৭ সালে নতুন ভবন নির্মাণ করা হয়। শয্যা বাড়ানোসহ অস্ত্রোপচারকক্ষে যন্ত্রপাতিও সরবরাহ করা হয়। তবে চিকিৎসক, নার্সসহ কোনো লোকবল বাড়ানো হয়নি। বাড়েনি ওষুধের বরাদ্দও।বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ চারজন চিকিৎসক আছেন। নার্সের ১৫টি পদের মধ্যে পাঁচটি শূন্য। এ ছাড়া টেকনিশিয়ান, ল্যাব সহকারী, ওয়ার্ডবয়, আয়া, বাবুর্চি, নিরাপত্তাকর্মী ও সুইপারসহ বিভিন্ন পদে মোট ২০ জনের স্থলে কর্মরত আছেন নয়জন।দীর্ঘদিন ধরে শল্য এবং অবেদনবিদ চিকিৎসক না থাকায় অস্ত্রোপচার হয় না। এতে অস্ত্রোপচারের যন্ত্রপাতি নষ্ট হওয়ার পথে। এক্স-রে মেশিন ও জেনারেটর এক যুগ ধরে নষ্ট। তবে এক্স-রে টেকনেশিয়ান পদে ঠিকই একজন কর্মরত আছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উমেঞ্চ কুলসুম বলেন, ছয়টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের পাঁচটিতে কোনো চিকিৎসক নেই। প্রতি মাসে চিকিৎসক চেয়ে প্রতিবেদন দেওয়া হয়, কিন্তু কাজ হয় না।বগুড়ার সিভিল সার্জন খলিলুর রহমান বলেন, গোটা দেশেই চিকিৎসকের অভাব রয়েছে। এ ক্ষেত্রে তাঁর কিছু করার নেই।