চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাইক্রোবাসের চাপায় রিকশাভ্যানের তিন আরোহী নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। গত রোববার রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার সলঙ্গা থানাধীন রানীগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে গতকাল সোমবার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ঠাকুরগাঁও সদর উপজেলার তেলিপাড়া এলাকায় বাসের চাপায় মুরাদ হোসেন (২৩) নামের এক ব্যক্তি মারা গেছেন।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, রোববার রাতে উল্লাপাড়ার বোয়ালিয়ার হাট থেকে যাত্রী নিয়ে একটি ভ্যান রানীনগরে যাচ্ছিল। রাত আটটার দিকে রানীগ্রাম এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি মাইক্রোবাস ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক হায়দার (৩০) মারা যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের শিক্ষক আকতার হোসেন (৪৩) ও কলেজছাত্র এরশাদ আলীকে (২২) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১২টার দিকে তাঁরা মারা যান। আহত অপর তিনজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাকুরগাঁও সদর থানা সূত্রে জানা গেছে, গতকাল সকালে সদর উপজেলার হাজীপাড়া মহল্লার মৃত এনতাজ আলীর ছেলে মুরাদ বাইসাইকেলে করে সালন্দর যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে তেলিপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড়গামী একটি বাস পেছন থেকে তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মুরাদের মৃত্যু হয়। পরে ঘাতক বাসচালকের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় লোকজন ঠাকুরগাঁও বাসটার্মিনাল এলাকায় বেলা ১১টা থেকে একটা পর্যন্ত ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।