চারজন নিহত, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙা ও আগুনে পোড়া ব্যালট বাক্স নিয়ে কেন্দ্র থেকে বের হয়ে আসছেন একজন আনসার সদস্য। ছবিটি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: প্রথম আলো
ভাঙা ও আগুনে পোড়া ব্যালট বাক্স নিয়ে কেন্দ্র থেকে বের হয়ে আসছেন একজন আনসার সদস্য। ছবিটি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: প্রথম আলো

কেন্দ্র দখল, প্রভাব বিস্তারের চেষ্টা ও নানা অনিয়ম ঘিরে সৃষ্ট সহিংসতার মধ্য দিয়ে চতুর্থ ধাপে আজ রোববার ৯১টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হলো। এর মধ্যে মুন্সিগঞ্জের গজারিয়া, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কুমিল্লার বরুড়া ও ঝালকাঠির রাজাপুর উপজেলায় নির্বাচনী সহিংসতায় চারজন নিহত হয়েছেন। ৪৩টি জেলার অর্ধেকেরও বেশি জেলায় নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদের নিজের উপজেলা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল, বোমা হামলা, ব্যালট বাক্স ছিনতাই, অগ্নিসংযোগ ও পোলিং এজেন্টদের মারধরসহ নানা অনিয়মের ঘটনা ঘটেছে।

আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র দখল ও নানা অনিয়মের অভিযোগ এনে আটটি জেলার নয়টি উপজেলার বিএনপি-সমর্থিত, জাতীয় পার্টি-সমর্থিত (জাপা) ও স্বতন্ত্র ২৬ জন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

ভোট গ্রহণের সময় কেন্দ্রে সহিংসতার ঘটনায় ছয়টি জেলার ছয়টি উপজেলার ১৫টি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তারা ভোট গ্রহণ স্থগিত করেন। আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা যশোর সদরের ১০টি এবং পিরোজপুরের সবগুলো ভোটকেন্দ্র দখল করে নিয়েছেন বলে বিএনপি-সমর্থিত প্রার্থীরা অভিযোগ করেছেন।

বরগুনার বেতাগী উপজেলায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের দায়ে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্টের ছয় মাসের কারাদণ্ড হয়েছে। আর নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বানসংবলিত ভোটার স্লিপ সরবরাহ করার দায়ে দলের তিন কর্মীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে বগুড়ার গাবতলী উপজেলার পাচকাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও বাগমারার তিনটি কেন্দ্রে হামলা, কেন্দ্র দখল, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। 

গজারিয়ায় ‘রক্তাক্ত’ ভোট, আ.লীগ সভাপতি খুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ডাক্তার আবদুল গফফার স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের বাইরে সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচনী সহিংসতায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন প্রধান (৪৫) নিহত হয়েছেন।

বরুড়ায় পুলিশের গুলিতে যুবদল কর্মী নিহত

কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ও বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল খালেক চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ গুলি চালালে যুবদলের কর্মী মনির হোসেন আহত হন। আজ বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে  বিকেল চারটার দিকে তিনি মারা যান।

বরুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাওসার চৌধুরী বলেছেন, পুলিশের গুলিতে যুবদল কর্মী নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংঘর্ষের সময় পুলিশ গুলি চালিয়েছে।

আখাউড়ায় বিজিবির গুলিতে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে আবদুল হাদিস (৪২) নামের একজন নিহত হয়েছেন। নিহত হাদিস আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. বাহার মিয়ার ছোট ভাই।

বিজিবি ১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এরশাদ প্রথম আলোকে বলেন, কিছু লোক কেন্দ্র দখলের চেষ্টা করছিলেন। চারদিক থেকে তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন এবং কেন্দ্র দখলের চেষ্টা চালান। আক্রমণকারীদের ছত্রভঙ্গ করতে বিজিবি তিনটি গুলি ছুড়ে। এ ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তিনি মারা যান।

ঝালকাঠিতে যুবলীগ কর্মী নিহত

ঝালকাঠির রাজাপুর উপজেলার তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আজ রোববার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের  ঘটনা ঘটেছে।এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে রিপন বেপারি (৩০) নামে এক যুবলীগ কর্মী আহত হন।পরে বরিশাল শেরে-ই- বাংলা চিকিত্সা মহাবিদ্যালয় হাসপাতালে নেওয়ার পথে তিনি  মারা যান। ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ মজিদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিইসির উপজেলা জীবননগরে এ কী চিত্র!

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল, পরপর তিনটি বোমা হামলা ও নয়টি কক্ষে ঢুকে ব্যালট বাক্স ছিনতাই, ভাঙচুর ও তাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা স্বপন কুমার জানান, হামলাকারীদের চেনা যায়নি।

এসব অনিয়মের প্রতিবাদে সাতজন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুর রহমান জানান, সাতজন প্রার্থী নির্বাচন স্থগিত ও ভোট পুনরায় গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁদের আবেদনপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নয় উপজেলায় ২৬ প্রার্থীর নির্বাচন বর্জন

আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র দখল ও নানা অনিয়মের অভিযোগ এনে ১৮ জন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। এঁরা হলেন চট্টগ্রামের আনোয়ারার বিএনপি সমর্থিত প্রার্থী, ফেনীর সোনাগাজীর বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীসহ তিন প্রার্থী, খুলনার পাঁচটি উপজেলার বিএনপি-সমর্থিত পাঁচ চেয়ারম্যান প্রার্থী, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিএনপি ও জাপা-সমর্থিত দুই প্রার্থী, ভোলার মনপুরা ও দৌলতখান উপজেলার বিএনপি-সমর্থিত দুই প্রার্থী, পটুয়াখালীর বাউফল উপজেলার চারজন প্রার্থী, চুয়াডাঙ্গার জীবননগরে সাতজন প্রার্থী, পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপি-সমর্থিত ও স্বতন্ত্র দুই প্রার্থী।

ছয় উপজেলার ১৫ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

ভোটকেন্দ্রে সহিংসতার ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কুমিল্লার মেঘনা উপজেলার বড় সাপমারা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও বড়ইয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সাতক্ষীরার কলারোয়া উপজেলার খোর্দ বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্র, কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা সদরের বাঁকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, তেলিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও দক্ষিণ ধুরুং হাবিবিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নোয়াখালীর বেগমগঞ্জের কালুয়াচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সামসুন্নাহার উচ্চবিদ্যালয় কেন্দ্র, জমিদারহাট উচ্চবিদ্যালয় কেন্দ্র, দেবকালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চবিদ্যালয় কেন্দ্র এবং সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন প্রধান (৪৫) নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর শহরের তারাগন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে আব্দুল হাদিস (৪২) নামের একজন নিহত হয়েছেন।