চারজনকে অচেতন করে ১৭ লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে এক ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালংকারসহ ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছেন অজ্ঞান পার্টির সদস্যরা। ওই বাড়ির কর্তাসহ চারজনকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন। গত বুধবার রাতে এনায়েতপুর থানার রূপনাই গ্রামে এ ঘটনা ঘটে। অচেতন হয়ে পড়া চারজন হলেন ওই বাড়ির কর্তা আবু মিয়া (৫৫), তাঁর স্ত্রী জাহানারা খাতুন (৪০), কর্মচারী বাবু (৩৫) ও সাকিব (২৫)। তাঁদের স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, অজ্ঞান পার্টির কয়েকজন সদস্য বুধবার রাতে রূপনাই গ্রামের আবু মিয়ার বাড়িতে ঢোকেন। পরে তাঁরা রাতের খাবারের সঙ্গে কৌশলে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রাখেন। ওই খাবার খেয়ে আবু মিয়াসহ চারজন অচেতন হয়ে পড়েন। এরপর তাঁরা ওই বাড়ি থেকে ১৭ ভরি স্বর্ণালংকারসহ ১৭ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ওই চারজনকে উদ্ধার করে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। দুপুরে জাহানারা খাতুন, বাবু ও সাকিবের চেতনা ফিরলেও সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবু মিয়ার চেতনা ফেরেনি। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে এখনো কেউ মামলা করতে আসেনি। অভিযোগ পেলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব।’