চারজনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কেব্ল টিভি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ দুলাল হত্যার ঘটনায় হালিশহর থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে দায়ের করা ওই মামলায় চারজনকে আসামি করা হয়। তাঁকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কেব্ল টিভি ব্যবসায়ীরা আজ শনিবার সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবেন। গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের মুহুরীপাড়ায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে দুলালকে খুন করে। এলাকায় কেব্ল টিভি সংযোগের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে পুলিশ সূত্র জানায়। গতকাল শুক্রবার দুলালকে নগরের সবুজবাগ এলাকায় দাফন করা হয়। পুলিশ সূত্র জানায়, দুলালের ভাই মো. আবু তাহের চার আসামির নাম উল্লেখ করে হালিশহর থানায় একটি মামলা করেন। আসামিরা হলো কাউসার, জসিমউদ্দিন, দিদারুল আলম ও মহসীন। তাদের মধ্যে দিদারকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ স্থানীয় ডলফিন ক্লাব থেকে গ্রেপ্তার করে। সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকারও করেছে।ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘দিদার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলেও আমরা তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করব। পাশাপাশি মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’দুলালের ভাই আবু তাহের অভিযোগ করেন, ‘আমার ভাই কেব্ল টিভি ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। অক্টোবরের তৃতীয় সপ্তাহে নতুন ফিড অপারেটরের লোকজনের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। কারণ নতুন ফিড অপারেটররা পুরোনো অপারেটরদের সরিয়ে বিভিন্ন বাসাবাড়িতে কেব্ল টিভি সংযোগ দেওয়ার চেষ্টা করছিল। বাধা পেয়ে তারা আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’জানা গেছে, দুলাল হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামের কেব্ল অপারেটর ব্যবসায়ীরা আজ শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করতে পারেন। সংবাদ সম্মেলন থেকে তাঁরা হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কর্মসূচির ঘোষণা দিতে পারেন। কর্মসূচির মধ্যে থাকতে পারে এক ঘণ্টা করে চট্টগ্রাম ও শহরতলিতে কেব্ল টিভি সম্প্রচার বন্ধ, কেব্ল টিভি ব্যবসা ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে পুলিশ কমিশনারকে স্মারকলিপি পেশ ইত্যাদি।চিটাগাং কেব্ল টিভি নেটওয়ার্কের মুহুরীপাড়ার ফিড অপারেটর শাহ ফরহাদ বলেন, ১৭-১৮ বছর ধরে চট্টগ্রামে কেব্ল টিভি ব্যবসা চলছে। এর আগে কখনো হত্যাকাণ্ড ঘটেনি। তিনি অভিযোগ করেন, নতুন একটি কেব্ল অপারেটর প্রতিষ্ঠান পাড়া-মহল্লায় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে কেব্ল টিভি ব্যবসা দখলের চেষ্টা করছে। তাদের কারণেই দুলাল খুন হন। এর প্রতিবাদে শনিবার (আজ) সংবাদ সম্মেলন করে কঠোর কর্মসূচি দেব।