বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা শারমীন জাহান খুনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার যুবলীগের নেতা আবুল হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।শারমীনকে খুনের প্রতিবাদে গতকাল আগৈলঝাড়ার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ঘোষণা করা হয়েছে সাত দিনের প্রতিবাদ কর্মসূচি।আগৈলঝাড়া থানা সূত্রে জানা যায়, শারমীনের বাবা শাহজাহান সরদার আবুলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে মামলা করেছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের পর শারমীনের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর দেওয়া হয়েছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে শারমীনের মরদেহ তাঁর স্বামীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।শারমীনের স্বামী সোহেল তালুকদার অভিযোগ করেন, শারমীনকে উত্ত্যক্ত করায় গত ২৫ জুন আবুলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করতে তিনি থানায় যান। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার নন্দী জিডি না নিয়ে তাঁকে আগৈলঝাড়া উপজেলা যুবলীগের এক নেতার কাছে যাওয়ার পরামর্শ দেন।যোগাযোগ করা হলে ওসি অশোক নন্দী জিডি না নেওয়ার অভিযোগ অবশ্য অস্বীকার করেন।শারমীনের বোন আইরিন জাহান অভিযোগ করেন, আবুল ও তাঁর সহযোগীরা প্রায়ই রাতের বেলায় তিনতলায় তাঁদের ফ্ল্যাটে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে দিতেন। তিনি জানান, শারমীন গত ১১ জুলাই আগৈলঝাড়া থানায় গিয়ে জিডি করেন। এতে আবুল শারমীনকে হত্যার হুমকি দেন।গতকাল আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল আগৈলঝাড়া থানায় যায়। মিছিলে শিক্ষক, শিক্ষার্থী, এনজিওর কর্মী, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা যোগ দেন। থানা চত্বরে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি টি এম আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আফজাল হোসেন সিকদার প্রমুখ।এই সভায় ১৫ থেকে ২০ অক্টোবর ক্লাস বর্জন, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন, ১৬ অক্টোবর মানববন্ধন ও শোক সভা এবং ২১ অক্টোবর প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।