চারজনকে কুপিয়ে কাপড়ভর্তি ট্রাক ছিনতাই
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুর্বৃত্তরা ট্রাকের চালক, সহকারীসহ চারজনকে কুপিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের কাপড়সহ একটি ট্রাক ছিনতাই করেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার গোপালদী বাজার থেকে কয়েকজন ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা মূল্যের গ্রে কাপড় নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-অ-১৪-০৩১১) ঢাকার শ্যামপুরে বাহার ডায়িংয়ের উদ্দেশে রওনা হয়। পথে জালাকান্দি কবরস্থান এলাকায় ২০-২৫ জন দুর্বৃত্ত নছিমন দিয়ে সড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকটির গতিরোধ করে। এ সময় ট্রাকের চালক দ্বীন ইসলাম (৪৬), সহকারী আবদুল মতিন (২৫), বাহার ডায়িংয়ের মালিক আবুল হোসেনের জামাতা স্বপন আহম্মেদ (২৮) ও কারখানার ব্যবস্থাপক আবদুস সাত্তারকে (৪৮) এলোপাতাড়ি কুপিয়ে ট্রাক থেকে ফেলে দেয়। পরে তারা কাপড়ভর্তি ট্রাকটি চালিয়ে নিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন এবং কিছু দূরে থাকা টহল পুলিশ এসে তাঁদের স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।আহত ট্রাকচালক দ্বীন ইসলাম সাংবাদিকদের বলেন, ট্রাকে নরসিংদীর মাধবদীর একটি মিলের ২৫ হাজার, গোপালদী এলাকার ভাটিরচরের আল আমিনের ২০ হাজার, টোকসাদীর হারুনের ২০ হাজার, লক্ষ্মীবরদীর শাহ আলমের ১১ হাজার, গাজীপুরার শফিকের সাত হাজার গজ কাপড়সহ প্রায় এক লাখ গজ গ্রে কাপড় ছিল, যার বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা। ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান বলেন, ট্রাক ও কাপড় উদ্ধারে পুলিশের অভিযান চলছে।