চারজনকে খুনের দায়ে পাঁচজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলার একই পরিবারের চার সদস্যকে হত্যার দায়ে এক নারীসহ পাঁচজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান এ রায় ঘোষণা করেন।

দণ্ড পাওয়া আসামিরা হলেন বরগুনার বামনা উপজেলার গুঁজিঘাটা গ্রামের আবদুল কুদ্দুস, একই উপজেলার জোয়ারতলা গ্রামের শহীদুল হক সরদার, তাঁর স্ত্রী মফিলা বেগম, পিরোজপুর জেলার বড় মাছুয়া গ্রামের শাহ আলম ফকির ও ঢাকার রামপুরা বাইদ্দ্যাপট্টির ওহিদুল ওরফে শহীদুল। আসামিরা সবাই পলাতক।

মামলা সূত্রে জানা যায়, ২০০০ সালের ৯ মার্চ রাতে শরণখোলার লাকুড়তলা গ্রামের পল্লি চিকিত্সক গাজী শাহাবুদ্দিন (৪৫), তাঁর স্ত্রী তাহমিনা খাতুন, শিশুপুত্র মনির হোসেন ও শিশুকন্যা লিলি আক্তার নিজ বাড়িতে খুন হয়। হত্যাকারীরা মনিরকে শ্বাসরোধ করে ও অন্যদের জবাই করে হত্যা করে। শিউলি খাতুন নামের শাহাবুদ্দিনের আরেক শিশুকন্যাকে হত্যাকারীরা গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করে। তবে শিউলি প্রাণে বেঁচে যায়।

আসামি আবদুল কুদ্দুস, শহীদুল হক সরদার ও মফিলা বেগম বাগেরহাট শহরের নাগের বাজার এলাকায় থেকে একটি খাবার রেস্তোরাঁ পরিচালনা করতেন। দণ্ড পাওয়া শাহ আলমও বাগেরহাট শহরের রেলরোড এলাকায় বাস করতেন। অপর আসামি ওহিদুলের বাড়ি ঢাকায়। এঁরা সবাই নিহত গাজী শাহাবুদ্দিনের পূর্ব পরিচিত ছিলেন। নিহত শাহাবুদ্দিনের ভগ্নিপতি মো. ইলিয়াস হোসেন খান ঘটনার পরদিন শরণখোলা থানায় উল্লিখিত পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ইলিয়াস মামলার এজাহারে উল্লেখ করেন, পূর্ব পরিচয়ের সূত্র ধরে হত্যাকারীরা ঘটনার রাতে শাহাবুদ্দিনের বাড়িতে বেড়াতে আসেন। তাঁদের আনা মিষ্টি খেয়ে শাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী অচেতন হয়ে পড়েন। এ সময় হত্যাকারীরা একে একে তিনজনকে জবাই করে ও একজনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। এ সময় তাঁরা অন্তত ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

শরণখোলা থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিমাই চন্দ্র মণ্ডল মামলাটির তদন্ত শেষে ২০০০ সালের ২০ সেপ্টেম্বর ওই পাঁচজনের বিরুদ্ধে বাগেরহাট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা তদন্তের একপর্যায়ে আসামি আবদুল কুদ্দুস ও মফিলা বেগম গ্রেপ্তার হন। তাঁরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তাঁরা জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যান। অন্য তিনজনকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।