পৃথক চারটি মামলায় বিনা বিচারে প্রায় দেড় দশক কারাগারে থাকা চার আসামিকে আগামী ৪ ডিসেম্বর আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এঁদের মধ্যে চান মিয়া, মকবুল ও সেন্টু ১৬ বছর ধরে এবং বিল্লাল হোসেন ১৪ বছর ধরে কারাগারে আছেন।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন। রুলে ওই চারজনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি এসব মামলার নথিপত্র তলব করে পরবর্তী আদেশের জন্য ৪ ডিসেম্বর দিন ধার্য রেখেছেন আদালত।
বিনা বিচারে দেড় যুগ ধরে চারজন বন্দী—এমন প্রতিবেদন ১৬ নভেম্বর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। এই প্রতিবেদন গতকাল আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা ও কুমার দেবুল দে। এটি বিবেচনায় নিয়ে আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান।
আইনুন্নাহার সিদ্দিকা প্রথম আলোকে বলেন, ওই চারজন কাশিমপুর কারাগারে আছেন। হাইকোর্ট ওই চার মামলার নথিপত্র তলব করেছেন। সংশ্লিষ্ট আদালতকে ৪ ডিসেম্বরের মধ্যে এসব নথিপত্র পাঠাতে বলা হয়েছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, ১৯৯৯ সালে রাজধানীর শ্যামপুর থানায় করা একটি হত্যা মামলায় ২০০১ সালের ৭ ডিসেম্বর গ্রেপ্তার হন চান মিয়া। এরপর থেকে তিনি কারাগারে আছেন। এখনো ওই মামলার বিচারকাজ শেষ হয়নি। ১৯৯৯ সালে উত্তরা থানায় করা একটি মামলায় ২০০০ সালের ৭ ফেব্রুয়ারি মাদারীপুরের মকবুল হোসেন গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে আছেন।
তথ্য অনুসারে, ১৯৯৫ সালে মতিঝিল থানায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে সেন্টু ওরফে কামাল ২০০১ সালের ১৮ এপ্রিল থেকে কারাগারে আছেন। আর ২০০২ সালে তেজগাঁও থানায় করা একটি হত্যা মামলায় ওই বছরের ২১ নভেম্বর গ্রেপ্তার হন বিল্লাল হোসেন।