চারজনের অপমৃত্যু
রাজধানীতে গতকাল মঙ্গলবার চারজনের অপমৃত্যু হয়েছে। তাঁদের একজন সড়ক দুর্ঘটনায়, দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও একজন ভবন থেকে পড়ে মারা গেছেন। তাঁদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
খিলক্ষেত থানার এসআই আব্দুর রহমান জানান, ভোর পাঁচটায় খিলক্ষেত থানা এলাকার গ্রামীণফোন কার্যালয় ভবনের সামনের সড়কে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি (৪০) নিহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে লালবাগ কেল্লার মোড়ে শ্মশানঘাট-সংলগ্ন এলাকায় একটি স্টিলের দোকানে ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় রাজীব (২৮) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
প্রায় একই সময়ে মিরপুর ৬ নম্বর এলাকায় পানির লাইনের কাজ করতে ড্রিল মেশিন ব্যবহারের সময় বিদ্যুৎস্পৃষ্টে আমজাদ হোসেন (৩০) নামের এক ব্যক্তি মারাত্মক আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিকেলে মিরপুর ১২ নম্বরে ওয়াপদা কলোনি এলাকায় একটি চারতলা ভবনের সানশেডে কাজ করার সময় পড়ে গিয়ে রেজাউল মোল্লা (৪০) নামের এক ব্যক্তি মারা যান।