চারজনের অপমৃত্যু
রাজধানীর রাজারবাগ এলাকায় গতকাল শুক্রবার সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মাথায় আঘাত লেগে এক বাসযাত্রী মারা গেছেন। নেসার আলী (২৮) নামের এই ব্যক্তির মাথা বাসের জানালার বাইরে ছিল।এ ছাড়া রাজধানীতে গতকাল পৃথক ঘটনায় তিনজনের অপমৃত্যু হয়েছে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক বলেন, নিহত নেসার আলী লাব্বাইক পরিবহনের বাসে করে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন। তিনি বাঁ-পাশে জানালাসংলগ্ন আসনে বসা ছিলেন। তাঁর মাথা ছিল জানালার বাইরে। বাসটি রাজারবাগ চৌরাস্তায় এলে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তাঁর মাথা বাড়ি খায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।ওই বাসে থাকা নিহতের খালাতো ভাই বাহারুদ্দিন সাংবাদিকদের বলেন, নেসার নারায়ণগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।সকাল আটটার দিকে গুলশান থানার শাহজাদপুরে মোটরসাইকেলের ধাক্কায় খালেদা (৪৫) নামের এক নারী মারা গেছেন। গুলশান থানার পুলিশ জানায়, ওই মোটরসাইকেলের চালকই তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মোটরসাইকেলটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সকাল সাতটার দিকে শাহবাগ থানাধীন হাইকোর্ট মাজারের ফটকসংলগ্ন সড়ক থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।সূত্র আরও জানায়, সকাল নয়টার দিকে বসুন্ধরা জি-ব্লক এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিল্লাত (১৮) নামের একজন মারা যান। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। বাবা মনির হোসেন।