চারজনের অস্বাভাবিক মৃত্যু
পৃথক ঘটনায় গৃহবধূসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যজন ঘুমের বড়ি খেয়ে মারা গেছেন।
কদমতলী থানার পুলিশ জানায়, গৃহবধূ স্বপ্না বেগম স্বামী মাহফুজ আহমেদের সঙ্গে যাত্রাবাড়ী থানার মুরাদপুরে থাকতেন। স্বপ্নার বাবা আবদুল বাতেনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ শনিবার রাতে ওই বাসার ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে।
থানার এসআই নূরুল আলম বলেন, কিছুদিন আগে মাহফুজ দ্বিতীয় বিয়ে করেছেন। এ কারণে মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে মাহফুজ পলাতক। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গতকাল দক্ষিণ যাত্রাবাড়ীর একটি বাসায় সাদ্দাম হোসেন (৩৫) নামের এক যুবক অতিরিক্ত ঘুমের বাড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শনিবার মধ্যরাতে পুলিশ বাড্ডার সবজি গলির নিজ বাসা থেকে কামরুল হক (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করে। কামরুলের পরিবার বলেছে, ভাগনে-ভাগনির সঙ্গে জমিজমা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় নাইলনের রশি পেঁচিয়ে মারা গেছেন।
একই রাতে ডেমরার সানারপাড়ে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মিজানুর রহমান (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।