চারজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর পরে পুলিশের হাতে আটক হয়েছেন ধান গবেষণা ইনস্টিটিউটের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নিজামুল করিম। গতকাল সোমবার সকালে রাজধানীর সিপাহীবাগের বাসা থেকে এই কর্মকর্তার স্ত্রী নূপুর আক্তারের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া পৃথক ঘটনায় আরও তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, ধান গবেষণা কর্মকর্তা নিজামুল তাদের জানিয়েছেন, নূপুর তাঁর দ্বিতীয় স্ত্রী। ২০১৬ সালে নূপুরকে বিয়ে করে খিলগাঁওয়ের সিপাহীবাগের ভাড়া বাসায় ওঠেন। তাঁর প্রথম স্ত্রী ও দুই সন্তান গাজীপুরে থাকে। তিনি দুই বাসাতেই থাকতেন। গত বৃহস্পতিবার তিনি সিপাহীবাগে এলে পারিবারিক বিষয় নিয়ে নূপুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। গত রোববার রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন তিনি। গতকাল ভোরে ঘুম ভেঙে দেখেন, পাশের ঘরের ফ্যানের সঙ্গে নূপুর ঝুলছেন। পরে নূপুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, বনশ্রীয় এলাকার একটি বাসা থেকে গতকাল দুপুরে মেহজাবিন ইসলাম সানিয়ার (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ইডেন কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে মাস্টার্সের ছাত্রী ছিলেন।

এদিকেসূত্রাপুর থানার পুলিশ জানায়, কলতাবাজার এলাকার একটি বাসার কিশোরী গৃহকর্মী আসমা আক্তারের (১৫) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে বাসার লোকজন তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন আছে।

অন্যদিকেগতকাল দুপুরে হাজারীবাগ থেকে সায়েম হোসেন (১৭) নামের এক কিশোরকে স্বজনেরা ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সায়েমের বাবা কামাল হোসেন বলেন, পাশের বাসার এক মেয়ের সঙ্গে সায়েমের বন্ধুত্ব ছিল। রোববার রাতে মেয়ের মা এ ব্যাপারে নালিশ করেন। তখন তিনি ছেলেকে বকাঝকা করেন। পরে গতকাল সায়েম অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।