চারজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে শনিবার তাঁদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন কলাবাগানের নাজমুল ইসলাম (৪০), উত্তরার আলামিন (২০), মিরপুরের কাশেম (২৬) ও শাহবাগের সোবাহান কাদির (৩৭)।

শনিবার সকাল ১০টার দিকে নর্থ সার্কুলার রোডের (ভূতের গলি) ৫ তলা ভবনের চতুর্থ তলা থেকে তৈরি পোশাক ব্যবসায়ী নাজমুল ইসলামের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের বরাত দিয়ে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. তরিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দেন তিনি। তবে অন্য কোনো কারণ রয়েছে কি না তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে। নাজমুলের গ্রামের বাড়ি নওগাঁ সদর থানার রাইজু গ্রামে। তিনি দুই সন্তানের জনক।

অন্যদিকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরে নিউ ধানসিঁড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারী আলামিন (২০) গ্রিল মেশিন পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উত্তরা আধুনিক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উত্তরা পশ্চিম থানার এসআই আনোয়ার হোসেন বলেন, আলামিনের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে।

মিরপুরে পারিবারিক কলহের জেরে ফাঁস দেওয়ায় মো. কাশেম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মিরপুর থানার এসআই মেহেদি হাসান বলেন, শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মধ্য পীরেরবাগের একটি বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কাশেম বিলবোর্ডের কাজ করতেন। গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামে।

এদিকে পারিবারিক কলহের জের ধরে সোবাহান কাদির কবির (৩৭) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেন বলে জানিয়েছে শাহবাগ থানার উপপরিদর্শক মো. রমজান হোসেন। পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, কবির মাদকাসক্ত ছিলেন। কলহের জেরে কয়েক দিন আগে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে শাহবাগের পরিবাগ এলাকার একটি ভবনের পঞ্চম তলা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।