রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে জালিয়াতির দায়ে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ মোট চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অসদুপায় অবলম্বনের অভিযোগে আরও পাঁচজনকে পরীক্ষা থেকে বহিষ্কার করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ‘ই’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা চলাকালে তাঁদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জানান, ‘ডি’ ইউনিটের পরীক্ষা চলাকালে অন্যকে সাহায্য এবং পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা করার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী জামাল আহমেদকে বহিষ্কার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুক্লা সরকার তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। উত্তরপত্রের সেটকোডের ফাঁকা বৃত্ত কলমের কালি দিয়ে পূরণ না করে অভিনব কায়দায় কালো টিপ ব্যবহার করার অভিযোগে বগুড়ার খান্দার এলাকার ফজলে রাব্বীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ‘ই’ ইউনিটের পরীক্ষা চলাকালে অন্যের পক্ষে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জের শরীফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফিরোজ আহমেদকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিন কারাদণ্ড দেন আদালত।
এ ছাড়া অসদুপায় অবলম্বনের অভিযোগে আটক পরীক্ষার্থীরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বখতিয়ার হোসেন, রাজশাহী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাহিদ আকতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাব্বত হোসেন ও রাজশাহীর বাগমারার ফিরোজ হোসেন।
নগরের মতিহার থানার ওসি হুমায়ুন কবীর জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অভিভাবকেরা এলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।
গতকাল সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘ই’ ইউনিটের বিজোড়, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একই ইউনিটের জোড় এবং বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের বিজোড় রোল নম্বর এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা একই ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।